সিলেটের বিয়ানীবাজারে পরকীয়ার জেরে স্ত্রী আয়শা বেগমকে হত্যার দায়ে স্বামী ছিদ্দিক আহমদ নাদেলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার অপর আসামি ফখরুল মেম্বারকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সিলেটের জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক শেখ নাজমুন নাহার এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আল-আসলাম মোমিন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালে পরকীয়ার জেরে বিয়ানীবাজারের শ্রীধরা গ্রামের আলা উদ্দিনের ছেলে ছিদ্দিক আহমদ নাদেল (৪২) তার স্ত্রী আয়শা বেগমকে হত্যা করেন। হত্যার পর ঘরে তালা দিয়ে পালিয়ে যান তিনি। পরে পুলিশ ঘর থেকে আয়শার মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় ছিদ্দিক আহমদ নাদেল ও স্থানীয় ফখরুল মেম্বারকে আসামি করে বিয়ানীবাজার থানায় হত্যা মামলা হয়। পরে পুলিশ দুজনকেই গ্রেপ্তর করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত নাদেলকে মৃত্যুদণ্ড এবং ফখরুল মেম্বারকে বেকসুর খালাস দেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








