কিশোরগঞ্জের কটিয়াদীতে এক অজ্ঞাত যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মাথা ও শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার বনগ্রাম ইউনিয়নের কাঁঠালতলা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কাঁঠালতলা গ্রামে প্রদীপ বাবুর বাড়ির পাশের জঙ্গলে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি দ্রুত কটিয়াদী মডেল থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
মাথা থেঁতলানো ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকায় এখন পর্যন্ত নিহতের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার পরিচয় শনাক্তের জন্য আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন উপায়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








