সমৃদ্ধ পারমাণবিক উপাদানের এক কণাও ইরানের বাইরে যেতে দেওয়া হবে না বলে কঠোর অবস্থান জানিয়েছেন দেশটির নিরাপত্তাপ্রধান মোহসেন রেজাই। একই সঙ্গে ইরানের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে এর পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বুধবার (১১ নভেম্বর) লেবাননের ইরানপন্থী টেলিভিশন চ্যানেল আল-মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন রেজাই।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র নতুন করে ইরানে হামলা চালালে এর জবাবে দূরবর্তী মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও হামলা চালানো হবে। এমনকি ইউরোপের যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে এবং যেগুলো ইরানে হামলার কাজে ব্যবহার করা হবে, সেগুলোও ইরানের পাল্টা হামলার লক্ষ্যবস্তু হতে পারে।
রেজাই জানান, বর্তমানে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো আলোচনা চলছে না। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনাও নেই।
তিনি বলেন, পারমাণবিক শক্তিচালিত জাহাজ ও সাবমেরিন তৈরির জন্য সমৃদ্ধ পারমাণবিক উপাদান ইরানের প্রয়োজন। এ বিষয়ে রাশিয়াকেও নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছে তেহরান। ইরানের সমৃদ্ধ পারমাণবিক উপাদান দেশেই থাকবে এবং তা নিজেদের প্রয়োজনে ব্যবহার করা হবে।
এর আগে যুক্তরাষ্ট্রের উদ্বেগ প্রশমনে সম্ভাব্য কোনো চুক্তির অংশ হিসেবে ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছিল মস্কো। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তেহরানের ওপরই ছেড়ে দিয়েছিল রাশিয়া।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) হিসাব অনুযায়ী, ২০২৫ সালের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সময় দেশটির কাছে ৬০ শতাংশ সমৃদ্ধ ৪৪০ দশমিক ৯ কেজি ইউরেনিয়াম ছিল। তবে হামলার পর ওই ইউরেনিয়ামের কতটুকু অবশিষ্ট রয়েছে, তা এখনো নিশ্চিত নয়।
ইসরায়েল, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টার অভিযোগ করে আসছে। তবে তেহরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।
এদিকে ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে যেকোনো প্রাথমিক আলোচনায় পারমাণবিক কর্মসূচির বিষয়টি অন্তর্ভুক্ত করতে চায় ওয়াশিংটন। অন্যদিকে গত সপ্তাহে রয়টার্সকে দেওয়া বক্তব্যে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে একটি পারমাণবিক প্রস্তাব পাঠিয়েছে তেহরান। তবে ইরানের উত্থাপিত সাতটি দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ বিষয়ে আলোচনা শুরু হবে না।
দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনের উদ্যোগ চললেও পারমাণবিক কর্মসূচি ও ইউরেনিয়ামের নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের অবস্থান এখনো বিপরীতমুখী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








