২০১৮ সালের আলোচিত ‘স্যান্ডপেপারগেট’ বা বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে অস্ট্রেলীয় ক্রিকেটে। সাবেক ওপেনার উসমান খাজার আত্মজীবনীতে দেওয়া নতুন তথ্যের পর বিষয়টি নিয়ে মুখ খুলতে অস্বীকৃতি জানিয়েছেন অস্ট্রেলিয়ার ওয়ানডে অধিনায়ক মিচেল মার্শ। তবে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছেন, খাজার অভিযোগের বিষয়ে তিনি সংবাদমাধ্যমের সামনে নিজের বক্তব্য তুলে ধরবেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে মার্শকে ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরের বল টেম্পারিং ঘটনা নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, অতীতের সেই ঘটনা নিয়ে আর কথা বলতে চান না। তিনি বিষয়টি পেছনে ফেলে সামনে এগিয়ে গেছেন।
মার্শ বলেন, ‘‘অনেক আলোচনা হচ্ছে। যারা নিজেদের অভিজ্ঞতা ও গল্প তুলে ধরেছেন, তাদের আমি সম্মান করি। তবে আজ আমি নিজের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে আসিনি। এই মুহূর্তে আমাদের সামনে গুরুত্বপূর্ণ একটি সিরিজ রয়েছে। আমার পুরো মনোযোগ আগামীকালের ম্যাচের প্রস্তুতিতে।’’
খাজার আত্মজীবনী প্রকাশের আগে তার সঙ্গে ব্যক্তিগতভাবে ফোনে কথা হয়েছিল বলেও জানান মার্শ। সেখানে বইয়ের বক্তব্য এবং ২০১৮ সালের ঘটনা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তের বিষয়েও আলোচনা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বলের আকৃতি পরিবর্তনের উদ্দেশ্যে স্যান্ডপেপার ব্যবহারের ঘটনায় অস্ট্রেলীয় ক্রিকেটে তোলপাড় সৃষ্টি হয়েছিল। সে সময় অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফটকে শাস্তির মুখে পড়তে হয়। স্মিথ ও ওয়ার্নারকে ১২ মাস এবং ব্যানক্রফটকে নয় মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।
ক্রিকেট অস্ট্রেলিয়ার তৎকালীন তদন্তে বলা হয়েছিল, এই পরিকল্পনা সম্পর্কে ওই তিনজনই জানতেন। তবে সম্প্রতি প্রকাশিত নিজের আত্মজীবনী ‘সাবর’-এ খাজা দাবি করেছেন, বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে পুরো দলই অবগত ছিল। তাঁর বক্তব্য, দায় কেবল তিনজন খেলোয়াড়ের ওপর চাপিয়ে দেওয়া ঠিক হয়নি।
খাজার এই বক্তব্যের পর অস্ট্রেলিয়ার সাবেক ও বর্তমান ক্রিকেটারদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক ঘটনার তদন্ত পুনরায় চালুর পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ জানিয়েছেন, নতুন করে তদন্ত শুরুর মতো যথেষ্ট কারণ তারা দেখছেন না।
এদিকে ২০২১ সালে অস্ট্রেলিয়ার চার প্রধান বোলার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও নাথান লায়ন এক যৌথ বিবৃতিতে জানিয়েছিলেন, কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে তাঁদের আগে থেকে কোনো ধারণা ছিল না।
মঙ্গলবার স্টার্কও নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তবে মার্শ ওই যৌথ বিবৃতিতে স্বাক্ষর না করার কারণ জানতে চাইলে বিষয়টি নিয়ে মন্তব্য করতে রাজি হননি।
অন্যদিকে খাজার অভিযোগের বিষয়ে বিস্তারিত জানার জন্য সময় নিয়েছেন কামিন্স। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, অভিযোগগুলোর পূর্ণাঙ্গ বিষয়বস্তু বোঝার চেষ্টা করেছেন, যাতে যথাযথভাবে নিজের বক্তব্য দিতে পারেন।
কামিন্স বলেন, শুক্রবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় সিডনিতে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন তিনি। খাজার অভিযোগ এবং সাম্প্রতিক বিতর্ক নিয়ে সাংবাদিকদের সব প্রশ্নের উত্তর দিতেও প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক।
প্রায় আট বছর আগের এই ঘটনা নতুন করে অস্ট্রেলীয় ক্রিকেটে অস্বস্তি তৈরি করেছে। খাজার বক্তব্য, সাবেক খেলোয়াড়দের প্রতিক্রিয়া এবং কামিন্সের আসন্ন সংবাদ সম্মেলনের দিকে এখন তাকিয়ে রয়েছে ক্রিকেটবিশ্ব।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








