ভোলার মনপুরায় বিয়ে বাড়িতে ঝাড়বাতি লাগাতে গিয়ে জেনারেটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোর ডেকোরেটর কর্মীর মৃত্যু হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রাঢ়ী বাড়িতে বিয়ের অনুষ্ঠানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আশরাফুল ইসলাম (১৭) উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা খোকনের ছেলে। তিনি কোড়ালিয়া বাজারের সুমন ডেকোরেটরে কাজ করতেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে আকতার রাঢ়ীর ছেলের বিয়ের অনুষ্ঠানে বিদ্যুতের লাইন ও ঝাড়বাতির কাজ করছিলেন সুমন ডেকোরেটর কর্মী আশরাফুল। এই সময় জেনারেটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটে পড়েন।
তাৎক্ষণিক স্থানীয়রা আশরাফুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. কবির সোহেল জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া আশরাফুলকে হাসাপতালে নিয়ে আসার পূর্বে তার মৃত্যু হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








