মৌলভীবাজারের কুলাউড়ায় মনু নদীর ওপর ৩৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত রাজাপুর সেতুর নির্মাণকাজ শেষ হয়েছে প্রায় পাঁচ বছর আগে। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেতুর দুই পাশের সংযোগ সড়ক নির্মাণ শেষ না হওয়ায় সেতুটি এখনো পুরোপুরি চালু করা সম্ভব হয়নি।
প্রায় ৩৮ কোটি টাকা ব্যয়ে সাড়ে সাত কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণের কাজ দীর্ঘ ছয় মাস ধরে বন্ধ রয়েছে। কাজ অসমাপ্ত রেখে চলে যাওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান জামিল ইকবালের কার্যাদেশ বাতিলের পাশাপাশি তিন কোটি টাকা জরিমানা করা হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর এবং স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালে রাজাপুর পিসি গার্ডার সেতু নির্মাণ প্রকল্পটি একনেক সভায় অনুমোদন পায়। পরে মনু নদীর ওপর সেতু নির্মাণের উদ্যোগ নেয় সওজ অধিদপ্তর। প্রকল্পের মোট ব্যয় ধরা হয় ৯৯ কোটি ১৭ লাখ ৩৮ হাজার টাকা। এর মধ্যে ৩৪ কোটি টাকা ব্যয়ে সিলেটের যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান জন্মভূমি-ওয়াহিদুজ্জামান ২০২১ সালের জুন মাসের দিকে সেতুর নির্মাণকাজ সম্পন্ন করে।
অন্যদিকে, ২০২০ সালে প্রায় ৩৮ কোটি টাকা ব্যয়ে সেতুর দুই পাশে সাড়ে সাত কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণের কার্যাদেশ পায় সিলেটের আরেকটি যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান জামিল ইকবাল। চুক্তি অনুযায়ী ২০২২ সালের এপ্রিল মাসের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। তবে ভূমি অধিগ্রহণসহ বিভিন্ন জটিলতার কারণে পরবর্তী সময়ে তিন দফায় কাজের মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়। এরপরও কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠানটি। সর্বশেষ দীর্ঘ ছয় মাস ধরে কাজ বন্ধ রয়েছে। এদিকে সংযোগ সড়কের কাজ অসমাপ্ত থাকায় সেতুটি স্থানীয় মানুষের কোনো কাজে আসছে না। ভাঙাচোরা ও অসমাপ্ত সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। বিশেষ করে রোগী, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
স্থানীয় বাসিন্দা বুরহান উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে আমরা এলাকাবাসী চরম দুর্ভোগের মধ্যে রয়েছি। সেতুর কাজ শেষ হলেও দুই পাশের সংযোগ সড়ক বেহাল। রোগীদের যাতায়াতে অনেক কষ্ট হচ্ছে। অতিরিক্ত ভাড়াও গুনতে হচ্ছে। সরকারের কাছে আমাদের জোর দাবি, দ্রুত সময়ের মধ্যে সড়কের অসমাপ্ত কাজ শেষ করা হোক। দীর্ঘদিনের এ দুর্ভোগ থেকে আমাদের মুক্তি দেওয়া হোক।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান জামিল ইকবালের সাইট ইঞ্জিনিয়ার রাহাত ইসলাম মোবাইল ফোনে বলেন, কাজ বাতিলের বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারব না। প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সড়ক বিভাগের কর্মকর্তারা এ বিষয়ে ভালো বলতে পারবেন।
কাজের তদারকির দায়িত্বে থাকা মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী আল-আমিন বলেন, দীর্ঘ ছয় মাস ধরে কাজ বন্ধ রাখায় ঠিকাদারি প্রতিষ্ঠান জামিল ইকবালকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু প্রতিষ্ঠানটি কোনো চিঠির জবাব দেয়নি। পরে তাদের কার্যাদেশ বাতিলের সুপারিশ করে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে তিন কোটি টাকা জরিমানাসহ কার্যাদেশ বাতিল করা হয়েছে। বর্তমানে প্রকল্পের কাজের অগ্রগতি ৫১ শতাংশ।
মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারা এবং গাফিলতির কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান জামিল ইকবালের কার্যাদেশ বাতিল করে তিন কোটি টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার বলেন, সড়ক ও জনপথ বিভাগ পুনরায় দরপত্র আহ্বান করে কাজ শুরু করবে বলে তাকে জানিয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








