কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় একই রাতে দুই ব্যক্তির বাড়ির সামনে রহস্যজনকভাবে লাল রঙের শপিং ব্যাগ রেখে যাওয়ার অভিযোগ উঠেছে। ব্যাগের ভেতরে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও একটি সাবানসহ বিভিন্ন সামগ্রীর পাশাপাশি পাওয়া গেছে হুমকিমূলক চিরকুট।
উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চর সাদিপুর গ্রামের বাসিন্দা মো. বাচ্চু মালিথা (৩০) ও মো. মনিরুজ্জামান মনি (৪০) পৃথকভাবে এ অভিযোগ করেন।
বাচ্চু মালিথার বাড়িতে পাওয়া চিরকুটে লেখা ছিল, ‘‘বাচ্চু ভাই, জীবনে কী খেয়েছো, না কী খেয়েছো, ভালো-মন্দ কিছু খেয়ে নিও। ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। গুডবাই।’’
অন্যদিকে মনি ডাক্তারের বাড়িতে পাওয়া চিরকুটে লেখা ছিল, ‘‘মনি ভাই, জীবনে কী খেয়েছো, না কী খেয়েছো, ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। ইতি তোমার জান, গুডবাই।’’
ভুক্তভোগীদের অভিযোগ, এ ধরনের ঘটনায় তারা নিজেদের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং বিষয়টি আইনগতভাবে নথিভুক্ত রাখার জন্য তারা দৌলতপুর থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করেছেন।
ঘটনাটি একই এলাকার দুই ব্যক্তির বাড়িতে ঘটায় স্থানীয়দের মধ্যেও উদ্বেগের সৃষ্টি হয়েছে। কারা কী উদ্দেশ্যে এ ধরনের ঘটনা ঘটিয়েছে, তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান বলেন, ‘‘ভুক্তভোগীদের থানায় জিডি করতে বলা হয়েছিল। তারা জিডি করেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








