২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির পক্ষ থেকে এ রুটিন প্রকাশ করা হয়। এতে সই করেছেন কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. জসিম উদ্দিন।


প্রকাশিত সূচি অনুযায়ী, ১ ডিসেম্বর ইংরেজি প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের সাপ্লিমেন্টারি পরীক্ষা। পরদিন ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা। ৩ ডিসেম্বর পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা এবং ৫ ডিসেম্বর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।
অন্যান্য বিষয়ের পরীক্ষাও নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। ১৫ ডিসেম্বর অর্থনীতি ও আরবি বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে লিখিত পরীক্ষা শেষ হবে। একই তারিখের মধ্যে ব্যবহারিক পরীক্ষাও সম্পন্ন করতে হবে।
রুটিনে জানানো হয়েছে, প্রতিদিন দুই শিফটে পরীক্ষা নেওয়া হবে। একদিন বিরতি ছাড়া প্রতিদিনই পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকালের শিফট সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকেলের শিফট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।
পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। কেন্দ্রে মোবাইল ফোন বহন সম্পূর্ণ নিষিদ্ধ। তবে অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ থাকবে।
এদিকে গত ৫ নভেম্বর সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু হয়ে ৯ নভেম্বর শেষ হয়। নির্ধারিত সময়ের মধ্যে চার লাখের বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছেন।
বিষয়ভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ফরম পূরণ হয়েছে ইংরেজিতে। এ বিষয়ে পুনঃপরীক্ষা দিতে আবেদন করেছেন ২ লাখ ৪৬ হাজার ২৮৬ জন। দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ ৩৮ হাজার ৫১৪ জন ফরম পূরণ করেছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে।
অন্যদিকে তৃতীয় অবস্থানে থাকা রসায়ন বিষয়ে ফরম পূরণ করেছেন ২৭ হাজার ৪৬৬ জন। এ তিনটি বিষয়ের পাশাপাশি আরও কয়েকটি বিষয়ে তুলনামূলক কমসংখ্যক শিক্ষার্থী পুনঃপরীক্ষার জন্য আবেদন করেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








