সোনালী ব্যাংকের সিলেট কোর্ট বিল্ডিং শাখায় ব্যাংক হিসাব থেকে সিলেটের জ্যেষ্ঠ আইনজীবী ও শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ ড. দিলীপ কুমার দাশ চৌধুরীর ৩৫ লাখ টাকা উধাও হওয়ার অভিযোগ উঠেছে। তার দাবি, ই-ওয়ালেট ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ব্যবস্থার মাধ্যমে কয়েক দফায় তার অজান্তে এসব টাকা অন্য হিসাবে স্থানান্তর করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) ২০ হাজার টাকার একটি চেক দিয়ে একজনকে ব্যাংকে পাঠান দিলীপ কুমার। কিন্তু হিসাবে টাকা না থাকায় চেকটি নগদায়ন করা সম্ভব হয়নি। পরে তিনি নিজে ব্যাংকে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারেন, ২ থেকে ৯ নভেম্বরের মধ্যে কয়েক দফায় তার হিসাব থেকে ৩৫ লাখ টাকা স্থানান্তর করা হয়েছে।
দিলীপ কুমার দাশ চৌধুরী বলেন, ওই হিসাবে তিনি সারা জীবনের সঞ্চয় জমা রেখেছিলেন। তার কোনো ই-ওয়ালেট বা ডিজিটাল ব্যাংকিং অ্যাপ নেই। এসব মাধ্যমে তিনি কখনো লেনদেনও করেননি। এমনকি টাকা স্থানান্তরের বিষয়ে মুঠোফোনে কোনো খুদে বার্তাও পাননি।
এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষের পাশাপাশি সিলেট কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। তবে টাকা ফেরত পাওয়ার বিষয়ে এখনো নিশ্চিত কোনো আশ্বাস পাননি বলে জানান এই আইনজীবী।
সোনালী ব্যাংকের কোর্ট বিল্ডিং শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. ওয়ারিসুল ইসলাম বলেন, এ বিষয়ে তারা অভিযোগ পেয়েছেন। ব্যাংকের সুনামের বিষয়টি বিবেচনায় নিয়ে টাকা উদ্ধারে শাখার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, টাকা কোন কোন ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা অনুসন্ধান করা হচ্ছে। পাশাপাশি ব্যাংকের নিরাপত্তাব্যবস্থাও যাচাই করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








