বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ জলবায়ু সম্মেলনের সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ বৃদ্ধি, কৃষি খাতের উন্নয়ন এবং মিয়ানমারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনসহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
আলোচনার একপর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে অ্যান্থনি আলবানিজ আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি তারেক রহমানকেও অস্ট্রেলিয়া সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রীও উপযুক্ত সময়ে অস্ট্রেলিয়া যাওয়ার আশা ব্যক্ত করেন।
জলবায়ু পরিবর্তন মোকাবিলার বিষয়ে তারেক রহমান বলেন, উন্নয়নশীল এবং বিশেষ করে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর প্রয়োজনকে আন্তর্জাতিক আলোচনায় অগ্রাধিকার দিতে হবে। কপ-৩১-এর চলমান আলোচনা প্রক্রিয়ায় অস্ট্রেলিয়ার নেতৃত্বের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন তিনি।
বাংলাদেশে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরে প্রধানমন্ত্রী অস্ট্রেলীয় বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় দুই দেশের সরকারপ্রধান কৃষি খাতের উন্নয়ন ও সহযোগিতার বিষয়েও আলোচনা করেন।
বৈঠকে রোহিঙ্গা সংকটের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফিরিয়ে নিতে অস্ট্রেলিয়ার সহযোগিতা কামনা করেন তারেক রহমান। এ লক্ষ্যে দেশটির কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের সৃষ্টি হয়েছে মিয়ানমারে। তাই এ সমস্যার স্থায়ী সমাধানও মিয়ানমারেই নিহিত। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা প্রয়োজন।
এ ছাড়া বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। এর মধ্যে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণ এবং দেশজুড়ে খাল খনন কর্মসূচির বিষয়টি উল্লেখ করেন প্রধানমন্ত্রী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








