ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে নারীসহ ছয় বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সময়ে পৃথক অভিযানে ৪৯ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যায়, বৃহস্পতিবার ভোররাতে ৫৮ বিজিবির খোশালপুর বিওপির একটি টহল দল সীমান্তের মেইন পিলার ৬০/৭৭ এস থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ছলেমানপুর গ্রামের একটি ইটভাটার পাশে অভিযান চালায়। এ সময় অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে পাঁচ পুরুষ ও এক নারীকে আটক করা হয়। তাদের বাড়ি ময়মনসিংহ, গাজীপুর, কিশোরগঞ্জ, ফরিদপুর ও পঞ্চগড় জেলায়।
অন্যদিকে, একই সময়ে মাধবখালী বিওপির একটি টহল দল সীমান্তের মেইন পিলার ৭০/৫ থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ বোতল ভারতীয় মদ জব্দ করে।
আটক ছয়জনকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








