অনলাইন নিউজ পোর্টালের সংবাদ ও কনটেন্টের গুণগত মান নিশ্চিত করতে দক্ষ ও পেশাদার সাংবাদিক নিয়োগের ওপর গুরুত্ব দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, পাঠকের আগ্রহ ধরে রাখতে হলে সংবাদ পরিবেশনে মান বজায় রাখার বিকল্প নেই।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে অনলাইন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অনাব) নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, অনলাইন নিউজ পোর্টালের গ্রহণযোগ্যতা বাড়াতে সংবাদ ও কনটেন্টের মান উন্নত করতে হবে। পাঠক যেন আগ্রহ নিয়ে পোর্টালে প্রবেশ করে সংবাদ পড়েন, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। মানসম্মত সংবাদ না থাকলে পাঠকের আগ্রহ ও ভিউ—কোনোটিই প্রত্যাশিত পর্যায়ে পৌঁছাবে না। এ জন্য দক্ষ সাংবাদিকদের সম্পৃক্ত করার পরামর্শ দেন তিনি।
নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের বার্ষিক নবায়ন ফি বাতিলের দাবির বিষয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, নবায়ন বাবদ পাঁচ হাজার টাকা মূলত একটি টোকেন ফি। এটি নতুন কোনো ব্যবস্থা নয়, আগেও এ ধরনের ফি চালু ছিল। তাঁর মতে, এ অর্থের পরিমাণ খুব বেশি নয়। বরং কেউ কেউ নবায়ন ফি পাঁচ লাখ টাকা নির্ধারণের প্রস্তাবও দিয়েছেন।
অনলাইন গণমাধ্যমের মালিকদের বিভিন্ন দাবি ও সুপারিশ লিখিতভাবে জমা দেওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, লিখিত প্রস্তাব পেলে সেগুলো যাচাই-বাছাই ও পর্যালোচনা করা সহজ হবে। এ বিষয়ে বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা চলছে। অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিদের পাশাপাশি পর্যায়ক্রমে কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গেও বৈঠক করা হবে।
অনলাইন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নের বিষয়ে তিনি জানান, সংশ্লিষ্ট উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে এ উদ্যোগ নেওয়া হবে। সবার মতামত পর্যালোচনার পর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
বৈঠকে অনাবের নেতারা অনলাইন নিউজ পোর্টাল পরিচালনা ও নিবন্ধনসংক্রান্ত বিভিন্ন দাবি তুলে ধরেন। তাদের দাবির মধ্যে রয়েছে নিবন্ধিত পোর্টালের বার্ষিক নবায়নের শর্ত বাতিল, নিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমকে সরকারি বিজ্ঞাপনের আওতায় আনা এবং অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








