রাজশাহীর বহুল আলোচিত ও চাঞ্চল্যকর বিচারকের ছেলে তাওসিফ রহমান সুমন (১৬) হত্যা মামলায় লিমন মিয়া (৩৫) নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় পৃথক দুটি ধারায় তাকে ১০ বছর করে কারাদণ্ড ও মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-২-এর বিচারক রেজাউল করিম এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত লিমন মিয়া গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবা এইচ এম সোলায়মান হোসেন শহীদ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ১৩ নভেম্বর দুপুরে রাজশাহী নগরের ডাবতলা এলাকার একটি ভাড়া বাসায় প্রবেশ করে তাওসিফ ও তার মা তাসমিন নাহারকে ছুরিকাঘাত করেন লিমন। এ সময় তাওসিফের বাবা আবদুর রহমান আদালতে কর্মরত ছিলেন। তিনি তখন রাজশাহী মহানগর দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
অভিযোগ অনুযায়ী, ‘বিচারকের ভাই’ পরিচয় দিয়ে বাসায় প্রবেশ করেন লিমন। সেখানে তাওসিফ ও তার মা ছাড়া অন্য কেউ ছিলেন না। ছুরিকাঘাতের পর তাওসিফের রক্ত নিজের শরীরে মেখে আহত হওয়ার ভান করে পড়ে থাকেন তিনি। পরে পুলিশ তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাওসিফকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় তার মাকে হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিমনকে আটক করে পুলিশ। পরদিন বিচারক আবদুর রহমান বাদী হয়ে রাজপাড়া থানায় তার বিরুদ্ধে হত্যা মামলা করেন।
মামলার বিবরণ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তাসমিন নাহারের সঙ্গে লিমনের আগে থেকেই পরিচয় ছিল। একই জেলার বাসিন্দা হওয়ায় তিনি প্রায়ই তাসমিন নাহারের কাছ থেকে আর্থিক সহায়তা নিতেন। একপর্যায়ে সহায়তা বন্ধ হয়ে গেলে তাসমিন নাহার ও তার পরিবারকে হত্যার হুমকি দেন লিমন।
ঘটনার ১০ দিন আগে, ৩ নভেম্বর, তাসমিন নাহারের মেয়ের ফেসবুক মেসেঞ্জারে কল করে পরিবারসহ হত্যার হুমকি দেন তিনি। এ ঘটনায় ৬ নভেম্বর সিলেটের জালালাবাদ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তাসমিন নাহার।
এর আগে একটি ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক হয়ে আদালতে পাঠানো হলেও জামিনে মুক্তি পেয়ে রাজশাহীতে এসে এ হত্যাকাণ্ড ঘটান লিমন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আশরাফ মাসুম জানান, মামলার অভিযোগপত্রে তদন্ত কর্মকর্তা ৩২ জনকে সাক্ষী করেন। বিচার চলাকালে বিচারক আবদুর রহমান ও তার স্ত্রী তাসমিন নাহারসহ মোট ২৯ জন আদালতে সাক্ষ্য দেন। গত ৯, ১৪ ও ১৫ অক্টোবর মামলার যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার আদালত এ রায় ঘোষণা করেন।
তিনি আরও জানান, আসামি মানসিকভাবে সুস্থ কি না, তা জানতে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল। পরীক্ষায় তাকে সম্পূর্ণ সুস্থ পাওয়া যায়। পরিকল্পিতভাবে তাওসিফকে হত্যা এবং তার মাকে আহত করার ঘটনায় আদালত এ রায় দিয়েছেন। রায়ে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।
অন্যদিকে, রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন আসামিপক্ষের আইনজীবী মামুন-অর-রশিদ বাবু। তিনি বলেন, ‘‘তারা এ রায়ে সন্তুষ্ট নন। উচ্চ আদালতে আপিল করবেন।’’
রায় ঘোষণার সময় লিমনকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








