কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত নারী সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে সরকার। এ ঘটনায় ইতোমধ্যে যৌথ তদন্ত কমিটি কাজ শুরু করেছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনে পয়েন্ট অব অর্ডারের জবাবে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত রাতে অর্থাৎ ১২ নভেম্বরের শুরুতে রাত ১২টা ২০ মিনিটের দিকে সীমান্ত থেকে ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগুয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগে। টিনশেড আধা-পাকা ওই বাড়ি থেকে ২০ মিটার দূরে তার বাবা-মা একটি তিনতলা বাড়িতে থাকেন। আগুন লাগা বাড়িটিতে কেউ বসবাস করতেন না। সেখানে দুটি ছাগল ও কিছু আসবাবপত্র ছিল।
ঘটনার খবর পাওয়ার পরপরই প্রশাসন ব্যবস্থা নেয় জানিয়ে সালাউদ্দিন আহমদ বলেন, পার্শ্ববর্তী থানা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি এনে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অতিরিক্ত পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পুলিশ সুপার (এসপি) এবং বিজিবির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনের প্রকৃত কারণ অনুসন্ধানে বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশ ও সিভিল প্রশাসনকে নিয়ে যৌথ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্তের প্রাথমিক পর্যবেক্ষণ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে এবং ঘটনাস্থলের আলামত পর্যালোচনা করে পেট্রোল বোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ বা বাড়ির দেয়ালে পেট্রোল বোমার ব্যবহারের চিহ্ন পাওয়া যায়নি। কোনো সাক্ষীও পেট্রোল বোমা ব্যবহারের তথ্য দেননি।
তিনি আরও বলেন, ঘটনাস্থলের ছবি, দেয়াল ও অন্যান্য আলামত পর্যালোচনায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাড়িটি পুরোনো হওয়া এবং বৈদ্যুতিক তারের সংযোগ দুর্বল থাকায় শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পরিত্যক্ত বা কম ব্যবহৃত ওই বাড়িতে কেয়ারটেকারের জুতা তৈরির কিছু সরঞ্জাম ও কাপড় ছিল। আগুনে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুটি ছাগল মারা গেছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ জিডির ভিত্তিতে তদন্ত চালিয়ে যাচ্ছে।
সালাউদ্দিন আহমদ বলেন, ঘটনার পেছনে কারও নাশকতামূলক কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা থাকলে অধিকতর তদন্তে তা প্রমাণিত হওয়ার পর কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। একজন সংসদ সদস্যের নিরাপত্তা বিঘ্নিত হওয়া সবার জন্যই উদ্বেগের বিষয় বলেও উল্লেখ করেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








