সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সংসদ সদস্য ও জুলাই গণঅভ্যুত্থানের নেতাকর্মীদের নিরাপত্তা দিতে সরকার কতটা সক্ষম, তা স্পষ্ট করার দাবি জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনের শুরুতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ প্রশ্ন তোলেন নাহিদ ইসলাম।
সংসদে দেওয়া বক্তব্যে তিনি জানান, বুধবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুরে নুসরাত তাবাসসুমের বাড়িতে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে বাড়িতে থাকা কয়েকটি গবাদিপশু আগুনে পুড়ে মারা গেছে বলে সংসদকে জানান তিনি। নুসরাত তাবাসসুম এনসিপি ও ১১ দলীয় ঐক্য মনোনীত প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশ নিয়েছিলেন।
ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নাহিদ ইসলাম বলেন, রাত থেকেই তাঁরা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেছেন। তিনি নিজেও কুষ্টিয়ার পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছেন। কিন্তু সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাবি করেছেন, ঘটনাস্থলে পেট্রোল বোমার কোনো আলামত পাওয়া যায়নি।
এ বিষয়ে তিনি প্রশ্ন করেন, কোনো ফরেনসিক দল ঘটনাস্থল পরিদর্শন না করেই এবং পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই কীভাবে পেট্রোল বোমার আলামত নেই বলে সিদ্ধান্ত দেওয়া হলো।
দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে এনসিপির আহ্বায়ক বলেন, তাঁর ভাষায়, পতিত ফ্যাসিবাদী শক্তি সারা দেশে নৈরাজ্য ও নাশকতা চালানোর চেষ্টা করছে। এর আগে মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে। ৪৮ ঘণ্টা পার হলেও ওই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরেও ককটেল বিস্ফোরণ হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, এমনটি বলা যাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগের দিনও তিনি পরিসংখ্যান তুলে ধরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথা বলেছেন।
সরকারের কাছে নিরাপত্তার বিষয়ে সুস্পষ্ট অবস্থান জানতে চেয়ে নাহিদ ইসলাম বলেন, সংসদ সদস্য, জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছেন। তাঁদের নিরাপত্তা দিতে সরকার সক্ষম না হলে তা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া উচিত।
তিনি আরও বলেন, ‘‘আমাদের মানবাধিকার না থাকলে এবং শত্রুর মানবাধিকার নিয়ে সরকারের বেশি উদ্বেগ থাকলে আমাদের নিজেদের পথ নিজেদেরই দেখে নিতে হবে।’’
নাহিদ ইসলামের অভিযোগ, ফ্যাসিবাদী শক্তির প্রথম লক্ষ্য তাঁদের হলেও পরবর্তী লক্ষ্য হতে পারেন সরকারে থাকা ব্যক্তিরাও। এ ধরনের পরিস্থিতিতে মন্ত্রী-এমপিদের পরিবারও নিরাপদ থাকবে না বলে সতর্ক করেন তিনি। একই সঙ্গে আওয়ামী লীগ ও ফ্যাসিবাদী শক্তির বিচারের প্রশ্নে সরকারের অবস্থান এবং কোনো ধরনের আপসের সম্ভাবনা রয়েছে কি না, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন।
বিরোধীদলীয় চিফ হুইপের বক্তব্যের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ বিষয়ে রুলিং দিয়ে তিনি বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনা অত্যন্ত গুরুতর। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ট্রেজারি বেঞ্চ ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন স্পিকার।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








