ডাকাতি, খুন, চুরি, অপহরণ ও মারামারিসহ ১৭ মামলার আসামি হযরত আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ইটনা থানা পুলিশের ১৬ ঘণ্টার অভিযানে উপজেলার এলংজুরি ইউনিয়নের কাকটেঙ্গুর গ্রামের একটি পরিত্যক্ত স্থাপনা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হযরত আলী মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত মগল মিয়ার ছেলে।
পুলিশের দাবি, তিনি আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ও হাওরাঞ্চলের নৌডাকাত দলের গ্যাং লিডার। তাঁর বিরুদ্ধে ইটনা ও মিঠামইন থানায় খুন ও ডাকাতিসহ ১৭টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে হাওরাঞ্চলে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন এবং জেলা পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ খান অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে থানার উপপরিদর্শক (এসআই) সজীব কুমার দত্ত, একেএম মোশারফ হোসেন, মো. সালাহ উদ্দিন, মো. সামছুল আলম সাব্বিরসহ পুলিশের অন্য সদস্যরা অংশ নেন।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ খান জানান, গত বর্ষা মৌসুমে হাওরে একাধিক ডাকাতির ঘটনায় হযরত আলী নেতৃত্ব দেন বলে অভিযোগ রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশ একাধিকবার অভিযান চালালেও তিনি কৌশলে পালিয়ে যান। বুধবার রাতে ছিলনী সেতু এলাকায় ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পাশের কাকটেঙ্গুর গ্রামে আত্মগোপন করেন। পরে রাতভর ও দিনের বেলায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার দুপুরে একটি পরিত্যক্ত স্থাপনা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া চলমান রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








