১৯৭০ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে নিহত উপকূলের লাখো মানুষকে স্মরণ এবং উপকূলীয় জনগোষ্ঠীর নিরাপদ জীবনযাপন নিশ্চিত করার দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার হরিনগর বাজার সংলগ্ন মালঞ্চ নদীর পাড়ে এ মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে সিডিও ইয়ুথ টিম, মুন্সিগঞ্জ ইউনিট, শ্যামনগর।
এ সময় ১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ হিসেবে ঘোষণা, উপকূলীয় এলাকার জন্য জাতীয় বাজেটে পৃথক বরাদ্দ এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানানো হয়।
স্বেচ্ছাসেবী মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং মো. মাহফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্থানীয় ব্যবসায়ী, স্বেচ্ছাসেবী ও যুব সদস্যরা অংশগ্রহণ করেন।
সভায় স্থানীয় ব্যবসায়ী আমির হামজা আবু বলেন, “১৯৭০ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে উপকূলের অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছিলেন। সেই ভয়াবহ স্মৃতিকে স্মরণ করে সরকারকে ১২ নভেম্বরকে জাতীয়ভাবে ‘উপকূল দিবস’ ঘোষণা করতে হবে। একই সঙ্গে উপকূলীয় এলাকার জন্য জাতীয় বাজেটে পৃথক বরাদ্দ রাখতে হবে।”
সভাপতির বক্তব্যে মো. হাবিবুর রহমান বলেন, “উপকূলীয় এলাকার সমস্যা ও উন্নয়ন কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনার জন্য একটি পৃথক উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন করা প্রয়োজন। এই বোর্ডের মাধ্যমে উপকূলের মানুষের প্রয়োজন অনুযায়ী উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা যেতে পারে।”
সিডিও সিনিয়র ভলেন্টিয়ার রিনা খাতুন বলেন, “উপকূলীয় মানুষ প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে বেঁচে আছে। নিরাপদে বসবাসের অধিকার নিশ্চিত করতে হলে শুধু দুর্যোগের পর ত্রাণ দেওয়ার ওপর নির্ভর না করে উপকূল রক্ষায় দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থা গ্রহণ করতে হবে।”
বক্তারা আরও বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন-জীবিকা, কৃষি, মৎস্যসম্পদ, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। বিশেষ করে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ দ্রুত সংস্কার ও টেকসইভাবে পুনর্নির্মাণ, নদী-খাল সংরক্ষণ এবং দুর্যোগ মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিডিওর সিনিয়র ভলেন্টিয়ার মো. আতাউর রহমান, মো. রবিউল ইসলাম, মো. কাইম হোসেন, মো. সাকিব হোসেন, মো. নাজমুল হোসেন ও মো. মিলন হোসেন প্রমুখ।
সভা শেষে ১৯৭০ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে শ্রদ্ধা জানানো হয় এবং ১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণাসহ উপকূলবাসীর নিরাপদ ও টেকসই জীবনযাপনের দাবিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








