নোয়াখালীর হাতিয়ায় মৃত অজিফা খাতুনের ৪৮ শতাংশ জমি জোরপূর্বক দখল করে ভবন নির্মাণ ও পুকুর খনন করার অভিযোগ উঠেছে স্থানীয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) বিরুদ্ধে। নিজেদের ওয়ারিশি সম্পত্তি ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন পরিবার। তবে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন বলে দাবি করেছেন দ্বীপ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রফিকুল আলম।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে নোয়াখালী রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী পরিবারের সদস্য ইমাম উদ্দিন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, তিনি মৃত অজিফা খাতুনের ছোট মেয়ের জামাতা। তার শাশুড়ির আটটি মেয়ে, কোনো ছেলে সন্তান ছিল নেই। শাশুড়ির মৃত্যুর পর হাতিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চর লক্ষীদিয়া মৌজায় মোট ৪৮ শতাংশ জমি দ্বীপ উন্নয়ন সংস্থা জবরদখল করে রেখেছে।
ইমাম উদ্দিন আরও অভিযোগ করেন, ওই জমিতে সংস্থার নির্বাহী পরিচালক পাকা ভবন নির্মাণ এবং পুকুর খনন করেছেন। এ বিষয়ে বাধা দিতে গেলে নানা ধরনের মামলা ও হামলার ভয়ভীতি দেখানো হয়। এর ফলে মৃত অজিফা খাতুনের আট কন্যা তাদের ন্যায্য ওয়ারিশি সম্পত্তি থেকে চিরতরে বঞ্চিত হওয়ার আশঙ্কায় দিন কাটাচ্ছেন।
সংবাদ সম্মেলনে মৃত অজিফা খাতুনের বড় মেয়ে রিজিয়া বেগম উপস্থিত ছিলেন। এ সময় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জমি উদ্ধার করে দেওয়ার জন্য সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করা হয়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে দ্বীপ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রফিকুল আলম অভিযোগ অস্বীকার করে বলেন, “এটি সম্পূর্ণ ভুয়া ও মিথ্যা একটি অভিযোগ। রাজনৈতিকভাবে আমাকে হেয় ও হয়রানি করার উদ্দেশে একটি মহল এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। তাদের যদি কোনো বৈধ দাবি বা আপত্তি থাকে, তবে তারা আদালতে মামলা করতে পারে।
তিনি আরও বলেন, ‘‘এই জমি নিয়ে এর আগে হাতিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয় একাধিকবার সালিশি বৈঠক করেছেন এবং এলাকার সিনিয়র আইনজীবীরাও সব কাগজপত্র গভীরভাবে পর্যালোচনা করেছেন। তাদের কাছে জমির মালিকানার সপক্ষে কোনো বৈধ কাগজপত্র নেই।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








