শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তাজেল মাদবর নামে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে জাজিরা উপজেলার মাঝিরঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তাজেল মাদবর জাজিরা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে একদল লোক সড়ক অবরোধ করেন। এ সময় তাঁদের অনেকের হাতে লাঠিসোঁটা ও লগি-বৈঠা ছিল। অবরোধ চলাকালে বিভিন্ন স্লোগান দেওয়ার পাশাপাশি কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুর করা হয়। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
এ ঘটনায় প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকে। সেতুর দুই প্রান্তে যানবাহন আটকে পড়ে এবং যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর মাধ্যমে ব্যাপক আলোচনায় আসে।
এ ঘটনায় পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার তাজেল মাদবর ওই মামলার এজাহারভুক্ত আসামি।
পুলিশ জানায়, মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে মাঝিরঘাট এলাকায় অভিযান চালানো হয়। পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালামের নেতৃত্বে পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে।
ওসি মো. আব্দুস সালাম বলেন, পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তাজেল মাদবর এজাহারভুক্ত আসামি। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









