দলে হাইব্রিড নেতাকর্মীদের অনুপ্রবেশ, সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করে বিএনপির রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন শরীয়তপুরের জাজিরা উপজেলার স্বেচ্ছাসেবক দল নেতা আকাশ খান।
আকাশ খান শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য এবং জয়নগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রতিষ্ঠাতা সহসভাপতি।
সম্প্রতি নিজের ফেসবুক আইডিতে প্রকাশিত এক ভিডিও বার্তায় বিএনপির রাজনীতির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক পদ থেকেও পদত্যাগের ঘোষণা দেন তিনি।
ভিডিও বার্তায় আকাশ খান বলেন, শৈশব থেকেই তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। দলের কঠিন সময়ে রাজপথে সক্রিয় থেকে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন। এ কারণে বিভিন্ন সময়ে অত্যাচার ও নির্যাতনের শিকারও হয়েছেন। দলের আদর্শ ও রাজনৈতিক বিশ্বাসের প্রতি আস্থা রেখেই দীর্ঘদিন রাজনীতি করেছেন।
তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে দলের কর্মকাণ্ড নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি। তাঁর অভিযোগ, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির সাংগঠনিক কার্যক্রমে সুবিধাবাদী ও হাইব্রিড নেতাকর্মীদের অনুপ্রবেশ ঘটেছে। বিশেষ করে জয়নগর ইউনিয়নে দলের দুঃসময়ে যাদের রাজপথে দেখা যায়নি, তাদের অনেকেই এখন বিএনপির পরিচয় ব্যবহার করে বিভিন্ন কর্মকাণ্ডে জড়াচ্ছেন। পাশাপাশি সন্ত্রাস ও চাঁদাবাজির মতো কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির বিষয়টি উল্লেখ করে আকাশ খান বলেন, যে প্রত্যাশা ও আদর্শ নিয়ে বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছিলেন, বর্তমান পরিস্থিতির সঙ্গে তা আর মেলাতে পারছেন না। নিজের নীতি, আদর্শ ও ব্যক্তিগত সততা অক্ষুণ্ন রাখতেই রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও দাবি করেন, কারও হুমকি, চাপ কিংবা প্ররোচনায় নয়; সম্পূর্ণ নিজের ইচ্ছা ও বিবেকের তাড়নায় বিএনপির রাজনীতি এবং স্বেচ্ছাসেবক দলের সব সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করেছেন।
এদিকে আকাশ খানের পদত্যাগের ঘোষণা সম্পর্কে জানতে চাইলে শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমান মাদবর বলেন, ‘আকাশ খানের পদত্যাগের বিষয়ে আমি অবগত নই। সে যদি পদত্যাগ করে থাকে, তাহলে সেটি তার একান্ত ব্যক্তিগত বিষয়।’
ভিডিও বার্তার মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘ভিডিওটি ফেকও হতে পারে। এখন পর্যন্ত তার কোনো পদত্যাগপত্র আমার কাছে জমা পড়েনি।’
এ বিষয়ে আকাশ খানের পদত্যাগের ঘোষণা এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতির বক্তব্যের মধ্যে ভিন্নতা দেখা দিয়েছে। আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









