জিন তাড়ানোর কথা বলে ১৩ বছরের এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মুন্সীগঞ্জের শ্রীনগর বাজার মসজিদের খতিব রেজাউল বারীকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাতে শ্রীনগর ১ নং প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার দেউলবাড়ি গ্রামে।
ওই ছাত্রীর পরিবার সূত্র জানায়, মাঝে মাঝে সে ছাত্রী অসুস্থ হয়ে পড়তো। এতে ধারণা করা হয় ওই ছাত্রীর সাথে জিনের আসর রয়েছে। জিন তাড়ানোর জন্য গত ২০ সেপ্টেম্বর ছাত্রীর পরিবার খতিব রেজাউল বারীর শরণাপন্ন হয়। এ সময় তিনি কিশোরীকে তাবিজ-কবজ দেন। এতে কিছুদিন সুস্থ বোধ করলেও পরে আবার অসুস্থ হয়ে পড়ে সে কিশোরী।
পরবর্তীতে রেজাউল বারীর সাথে যোগাযোগ করলে তিনি ওই ছাত্রীর কাছ থেকে জিন তাড়াতে হবে জানিয়ে রাতে আসতে বলেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ছাত্রীর বাবা-মা রেজাউল বারীর বাসায় যান। এ সময় সে ছাত্রীর বাবা-মাকে খাটের উপর বসিয়ে ওই ছাত্রীকে নিয়ে ফ্লোরে বসেন। এক পর্যায়ে জিন আসবে জানিয়ে ছাত্রীর বাবা-মায়ের ফোন বিছানার নিচে রাখতে বলেন এবং ঘরের সব লাইট বন্ধ করে দেন।
এক পর্যায়ে মেয়ের কোন সারা-শব্দ না পেয়ে মেয়ের মা তার মোবাইলের আলো জ্বালান। এতে রেজাউল বারী অসংলগ্ন অবস্থায় লাফ দিয়ে উঠেন। পরে ছাত্রীর বাবা মা রুমের লাইট জ্বালিয়ে দেখেন ছাত্রী জ্ঞান হারিয়ে ফেলেছে।
রাত পৌনে ১১টার দিকে ছাত্রীকে নিয়ে তার বাবা-মা সেখান থেকে বের হয়ে আসেন। পরে আত্মীয় স্বজনদের সাথে আলাপ করে রাত দেড়টার দিকে শ্রীনগর থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। রাত দুইটার দিকে পুলিশ রেজাউল বারীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
শুক্রবার (১৩ নভেম্বর) ওই ছাত্রী মুন্সীগঞ্জ আদালতে জবানবন্দি প্রদান করেছেন।
শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত জানান, রাতেই অভিযান চালিয়ে রেজাউল বারীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








