নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে একাধিক হত্যা মামলার আসামি সেলিম ওসমানকে গ্রেপ্তারের উদ্দেশ্যে ফতুল্লায় তার মালিকানাধীন ‘উইজডম অ্যাটায়ার্স লিমিটেড’ নামের পোশাক কারখানায় অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করা হলেও শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি গণমাধ্যমকর্মীদের জানিয়েছে পুলিশ।
তবে অভিযানের সময় তাকে পাওয়া যায়নি। কারখানাটির কার্যক্রমও তখন বন্ধ ছিল বলে একাধিক সূত্র জানিয়েছে।
কারখানাটির এক কর্মকর্তা জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে সাদা পোশাকে ৮ থেকে ১০ জন ব্যক্তি একটি বড় হাইয়েস মাইক্রোবাসে করে কারখানার প্রধান ফটকে আসেন। তারা নিজেদের গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের কাছে সেলিম ওসমানের বিষয়ে জানতে চান।
এ সময় তাদের জানানো হয়, প্রায় এক ঘণ্টা আগেই কারখানার শ্রমিকেরা ছুটি শেষে চলে গেছেন। ভেতরে কেউ নেই। পরে ডিবির সদস্যরা কিছুক্ষণ অপেক্ষা করে ফিরে যান।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামান বলেন, ‘‘কয়েক দিন ধরেই আলোচনা চলছিল সেলিম ওসমান নারায়ণগঞ্জের ফতুল্লায় তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে মাঝে মাঝে আসেন। গতকাল (বৃহস্পতিবার) তাদের নিকট সংবাদ ছিলো যে সেলিম ওসমান ফতুল্লায় ব্যবসা প্রতিষ্ঠানে এসেছেন। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ সেখানে অভিযানে গিয়েছিলো। কিন্তু সেলিম ওসমানকে পাওয়া যায়নি।’’
তিনি জানান, সেলিম ওসমানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত বেশ কয়েকটি মামলা রয়েছে। জুলাই হত্যাকাণ্ডের মামলার আসামি সেলিম ওসমানকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।
তিনি আরও বলেন, ‘‘তার অবস্থান নিশ্চিত করা গেলেই তাকে গ্রেপ্তার করা হবে।’’
একাধিক সূত্র জানায়, এর আগেও ২০২৫ সালের ১৬ ডিসেম্বর রাতে সেলিম ওসমানকে গ্রেপ্তারের উদ্দেশ্যে ফতুল্লা থানা পুলিশ অভিযান চালিয়েছিল। সেবারও তাকে পাওয়া যায়নি।
সেলিম ওসমান নারায়ণগঞ্জের ওসমান পরিবারের সদস্য। বড় ভাই নাসিম ওসমানের মৃত্যুর পর ২০১৪ সালের উপ-নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
পরে ২০১৮ ও ২০২৪ সালেও একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন জাতীয় পার্টির এই প্রেসিডিয়াম সদস্য। তিনি নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএর সভাপতির দায়িত্বও পালন করেছেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওসমান পরিবারের সদস্য ও তাদের ঘনিষ্ঠ সহযোগীদের অনেকে আত্মগোপনে চলে যান। সেলিম ওসমান এখনো দেশে অবস্থান করছেন বলে বিভিন্ন মহলে দাবি করা হলেও তার অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
গণঅভ্যুত্থানের পর থেকেই ওসমান পরিবারের সদস্যদের গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছেন স্থানীয় রাজনীতিকদের অনেকে। সম্প্রতি এ দাবি আরও জোরালো হয়েছে।
চলতি মাসের প্রথম সপ্তাহে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় শ্রমিক আন্দোলন নিয়ে বক্তব্য দিতে গিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন মন্তব্য করেন, সেলিম ওসমান ফতুল্লায় তার কারখানা পরিচালনা করছেন এবং সেখানে এসে তদারকিও করেন।
তার এমন মন্তব্যের পর সেলিম ওসমানের অবস্থান ও নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে যাতায়াত নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। এর মধ্যেই তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে কারখানায় অভিযান চালাল জেলা গোয়েন্দা পুলিশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








