উত্তরবঙ্গের কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে রাজশাহী সুগার মিল। এই চিনিকলকে লাভজনক ও টেকসই করতে আখের উৎপাদন বাড়ানোর পাশাপাশি কারখানার কারিগরি দক্ষতা নিশ্চিত করতে হবে। কৃষক, শ্রমিক ও চিনিকলের স্বার্থ রক্ষায় সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি অ্যাড. মোহাম্মদ শফিকুল হক মিলন।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে রাজশাহী সুগার মিলের ২০২৬-২৭ অর্থবছরের ৬২তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উৎসবমুখর পরিবেশে রাচিক কেইন কেরিয়ার প্রাঙ্গণে ডোঙ্গায় আখ নিক্ষেপের মাধ্যমে মাড়াই মৌসুমের উদ্বোধন করেন এমপি মিলন। চলতি মৌসুমে ৭০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৩ হাজার ৭০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মিল কর্তৃপক্ষ।
এমপি মিলন বলেন, ‘‘রাজশাহী বিভাগের ভারী শিল্প হিসেবে পরিচিত এই চিনিকল উত্তরবঙ্গের কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চিনিশিল্পকে লাভজনক ও টেকসই করতে হলে কাঁচামাল অর্থাৎ আখের উৎপাদন বৃদ্ধি এবং মিলের কারিগরি দক্ষতা নিশ্চিত করার কোনো বিকল্প নেই। এ শিল্পের সঙ্গে হাজারো কৃষক, শ্রমিক ও তাদের পরিবারের জীবন-জীবিকা জড়িত। তাই চিনিকলের উন্নয়নের পাশাপাশি সংশ্লিষ্ট সবার স্বার্থ রক্ষা করতে হবে।’’
প্রধান অতিথির বক্তব্যে দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘‘বিগত সরকারের নেতারা জীবন বাঁচাতে কাঁটাতারের বেড়া পার হয়ে বিমানে করে দেশত্যাগ করেছেন। তারা এখন দেশে আসতে ভয় পান। তাই দূর থেকে আওয়ামী লীগ নেতা নানকসহ অন্য নেতারা সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে হুমকি-ধমকি দিচ্ছেন।’’
তিনি আরও বলেন, ‘‘বিগত সরকার দেশে খুন, গুম ও লুটপাট চালিয়েছিল। পুরো দেশকে তারা ‘আয়নাঘর’-এর মতো ভীতিকর পরিবেশে পরিণত করেছিল। কিন্তু দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে সেই স্বৈরাচারী শাসককে পালাতে বাধ্য করেছে।’’
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘শেষ কাতারের সৈনিক’ হিসেবে নিজেদের উল্লেখ করে তিনি বলেন, ‘‘আমরা দেশপ্রেমিক নেতা তারেক রহমানের নির্দেশে কাজ করি। আমরা কোনো জেল-জুলুম, ফাঁসি বা মৃত্যুকে ভয় পাই না।’’
আসন্ন ডিসেম্বর মাসকে বিজয়ের মাস উল্লেখ করে এমপি মিলন দেশের মানুষকে অতন্দ্র প্রহরীর মতো সজাগ থাকার এবং বিজয় উদ্যাপনের আহ্বান জানান। একই সঙ্গে তার নির্বাচনী এলাকার কৃষক, শ্রমিক ও চিনিকলের সঙ্গে সংশ্লিষ্ট কারও যেন কোনো ক্ষতি না হয়, সে বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।
রাজশাহী সুগার মিল কর্তৃপক্ষ জানায়, ২০২৫-২৬ রোপণ মৌসুমে মিলের অধীনে ৫ হাজার ৬১৯ জন নিবন্ধিত আখচাষি মোট ৫ হাজার ৫৪৪ একর জমিতে আখ আবাদ করেছেন। তাদের উৎপাদিত আখ দিয়ে চলতি মৌসুমের মাড়াই কার্যক্রম শুরু হয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হলে জাতীয় চিনি উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাছুমা আক্তার জাহান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব মো. মুজিবুর রহমান, যুগ্মসচিব মো. সাইফুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বেলায়েত হোসেন এবং পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








