দিনাজপুরের পার্বতীপুরে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে খালা ইশরাত জাহান রিভা (৮) ও ভাগিনা সালমান শাহের (৪) মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা খালা-ভাগিনা।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের জাকেরগঞ্জ জগনাথপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত রিভা উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের জগনাথপুর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে এবং সালমান একই গ্রামের মো. রানা বাবুর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশের পুকুরে খেলছিল সালমান ও ইভা। একপর্যায়ে অসাবধানতাবশত শিশু সালমান পুকুরের পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে ইভা পুকুরে নামলে দুজনই পানিতে ডুবে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পার্বতীপুর মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক নৃপেন্দ্র নাথ বর্মণ জানান, সকাল ১০টার দিকে দুই শিশু খেলাধুলা করার জন্য পুকুর পাড়ে গিয়েছিল। কিন্তু তারা বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজ শুরু করেন।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. ওয়াদুদ জানান, পানিতে ডুবে যাওয়া দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








