আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ নারী দল। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সোবহানা মোস্তারির দল। জিম্বাবুয়ের দেওয়া ১৩২ রানের লক্ষ্য মাত্র ১৫ বল হাতে রেখেই পেরিয়ে যায় বাংলাদেশের মেয়েরা।
রান তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন বাংলাদেশের দুই ওপেনার দিলারা আক্তার ও সাথী রানি। উদ্বোধনী জুটিতে দুজন মিলে যোগ করেন ১০৪ রান। এই জুটিতেই জয়ের ভিত গড়ে ওঠে বাংলাদেশের।
দলীয় ১০৪ রানে সাথী রানি বিদায় নিলেও জয় পেতে কোনো সমস্যা হয়নি টাইগ্রেসদের। ৪৩ বলে ৪৫ রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর শারমিন আক্তারকে সঙ্গে নিয়ে বাকি কাজ শেষ করেন দিলারা। ৬৮ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন এই ওপেনার। শারমিন অপরাজিত থাকেন ৬ রানে।
এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। শুরুতে ভালো ব্যাটিং করে দলটি। প্রথম ছয় ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩১ রান সংগ্রহ করে তারা। সপ্তম ওভারে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন রাবেয়া খান। ১২ রান করা ওপেনার বিলাভড বিজাকে ফিরিয়ে দেন তিনি।
এরপর শের্ন মেয়ার্স কোনো রান না করেই বিদায় নেন। অন্য ওপেনার কেলিস এনদোভলু করেন ২২ রান। তবে চতুর্থ উইকেটে চিপো-মুগেরি ত্রিপানো ও অধিনায়ক জোসেফিন এনকোমোর ব্যাটে ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। তাদের ব্যাটিংয়ে দলীয় সংগ্রহ একশ ছাড়িয়ে যায়।
ত্রিপানো ৩০ বলে ৪০ রান করেন। অধিনায়ক এনকোমোর ব্যাট থেকে আসে ৩৫ রান। এ ছাড়া মাভুঙ্গা ৮, মুতাশা ৩ ও গুয়ানজো ১১ রান যোগ করেন। নির্ধারিত ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ১৩১ রান।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন রাবেয়া খান। তিনি একাই শিকার করেন তিনটি উইকেট। দিশা বিশ্বাস নেন দুটি এবং রিতুমনি পান একটি উইকেট।
ব্যাটিং ও বোলিংয়ে সম্মিলিত পারফরম্যান্সে বড় জয় তুলে নিয়ে টুর্নামেন্টে নিজেদের অবস্থান শক্ত করার পথে এগিয়ে গেল বাংলাদেশের মেয়েরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








