পটুয়াখালীর বাউফলে মানুষের বিচ্ছিন্ন অঙ্গ উদ্ধারের ঘটনায় নতুন রহস্যের সৃষ্টি হয়েছে। এক দিন আগে একই এলাকা থেকে একটি বাম হাত ও দুই পা উদ্ধারের পর এবার পাওয়া গেছে আরেকটি বিচ্ছিন্ন ডান হাত। তবে এখনো উদ্ধার হওয়া অঙ্গগুলোর পরিচয় শনাক্ত হয়নি। পাওয়া যায়নি দেহের মূল অংশ বা মরদেহও।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুরা গ্রামে ইসলামিয়া ছালেহিয়া ফাজিল মাদ্রাসার উত্তর পাশের সড়কের কাছ থেকে হাতটি উদ্ধার করে পুলিশ।
এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে একই এলাকা থেকে একটি বিচ্ছিন্ন বাম হাত এবং কিছুটা দূরে বস্তাবন্দি অবস্থায় দুই পা উদ্ধার করা হয়েছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সড়কের পাশে মানুষের একটি বিচ্ছিন্ন হাত পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাতটি উদ্ধার করে। আশপাশে তল্লাশি চালিয়ে একটি বস্তার ভেতর থেকে দুই পা পাওয়া যায়। উদ্ধার হওয়া অঙ্গগুলোতে পচন ধরেছিল। পরদিন একই এলাকায় আরও একটি বিচ্ছিন্ন হাত পড়ে থাকার খবর পেয়ে পুলিশ সেটিও উদ্ধার করে।
এদিকে উদ্ধার হওয়া অঙ্গগুলোর পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের পাশাপাশি অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বিষয়টি তদন্ত করছে। ফরেনসিক পরীক্ষার জন্য উদ্ধার হওয়া অঙ্গগুলোর নমুনা পাঠিয়েছে সিআইডির একটি দল।
তবে উদ্ধার হওয়া অঙ্গগুলো একই ব্যক্তির কি না, কীভাবে সেগুলো বিচ্ছিন্ন হয়েছে কিংবা কারা সড়কের পাশে ফেলে গেছে এসব প্রশ্নের উত্তর এখনো মেলেনি। মরদেহের মূল অংশ উদ্ধার না হওয়ায় ঘটনাটি ঘিরে রহস্য আরও ঘনীভূত হচ্ছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেছেন, ‘‘বৃহস্পতিবার স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে একটি বিচ্ছিন্ন হাত ও দুই পা উদ্ধার করা হয়। শুক্রবার সকালে একই স্থান থেকে আরও একটি বিচ্ছিন্ন হাত উদ্ধার করা হয়েছে। অঙ্গগুলোর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








