বিএনপিকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই। কেউ যদি মনে করেন বিএনপি দুর্বল, তাহলে ভুল করবেন। আওয়ামী লীগের কর্মীরা মিছিল, মিটিং করার চেষ্টা করলে মাটির নিচে থাকলেও আমাদের নেতাকর্মীরা তুলে আনবে বলে মন্তব্য করেছেন পটুয়াখালীর দশমিনা উপজেলা বিএনপির সদস্যসচিব শাহ আলম শানু।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার নলখোলা বন্দরে বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বহরমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মাহফুজুর রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে শাহ আলম শানু জানান, ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশে বসবাস করছেন। আমরা কাউকে কিছু বলছি না। তার মানে এই নয় যে বিএনপি দুর্বল। বিএনপিকে দুর্বল মনে করলে ভুল করবেন।
তিনি বলেন, ‘‘ওবায়দুল কাদের বলেছিলেন, আওয়ামী লীগের পতন হলে এক রাতেই পাঁচ হাজার থেকে পাঁচ লাখ মানুষ মারা যাবে। কিন্তু বিএনপি কোনো আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করেছে কি না, সেই প্রশ্নের উত্তর দিতে হবে।’’
বিএনপির নেতাদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে শাহ আলম শানু বলেন, ‘‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ থাকা সত্ত্বেও দুই মিনিটের বার্তায় দেশের মানুষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছিলেন। তারেক রহমান নেতাকর্মীদের আইন নিজের হাতে তুলে না নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সবাইকে ধৈর্য ধরতে এবং কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটানোর আহ্বান জানিয়েছিলেন।’’
তিনি দাবি করেন, বিএনপির জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর ক্ষতি করেননি।
আলোচনা সভায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল হাই পঞ্চায়েত, সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান জোমাদ্দার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসমাইল মেলকার, যুগ্ম আহ্বায়ক বাবুল হাওলাদার এবং উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবুল বশারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে প্রয়াত বিএনপি নেতা সৈয়দ মাহফুজুর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








