ফেরির সঙ্গে বালুভর্তি বাল্কহেডের সংঘর্ষে এক শিশু নিহত হওয়ার ঘটনায় ফেরি কাকলির মাস্টার মোশারফ হোসেনকে গ্রেপ্তার ও মামলায় আসামি করার প্রতিবাদে চাঁদপুর-শরীয়তপুর নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শ্রমিক-কর্মচারীরা। শনিবার (১৪ নভেম্বর) ভোর ৫টা থেকে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে দুই ঘাটে দুই শতাধিক যানবাহন আটকা পড়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রী, চালক ও পণ্য পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।
শনিবার সকাল থেকে শরীয়তপুরের নরসিংহপুর ও চাঁদপুরের হরিণা ফেরিঘাটে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। ফেরি চলাচল বন্ধ থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কাঁচামালবাহী ট্রাকের চালকেরা। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারায় পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তাঁরা।
বিআইডব্লিউটিসি ও নৌ-পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে চাঁদপুরের হরিণা ঘাট থেকে কাকলি নামের একটি ফেরি শরীয়তপুরের নরসিংহপুর ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। ফেরিটি ভেদরগঞ্জ উপজেলার বেড়াচাক্কি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি একটি বাল্কহেড সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ফেরিতে থাকা কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। একটি বাসের অংশ বাল্কহেডের সঙ্গে চেপে গিয়ে পাঁচ শিশু আহত হয়। তাদের মধ্যে তরিকুল ইসলাম (১১) নামের এক শিশু ঘটনাস্থলেই মারা যায়।
দুর্ঘটনার পর চাঁদপুরের আলুর বাজার নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা বাল্কহেডের দুই শ্রমিক ও ফেরি কাকলির মাস্টার মোশারফ হোসেনকে আটক করেন। পরে আলুর বাজার নৌ-পুলিশ ফাঁড়ির এক উপপরিদর্শক বাদী হয়ে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে চাঁদপুর মডেল থানায় মামলা করেন। মামলায় ফেরির মাস্টার মোশারফ হোসেনসহ চারজনকে আসামি করা হয়েছে।
মাস্টার মোশারফ হোসেনকে গ্রেপ্তার ও মামলায় আসামি করার প্রতিবাদে বিআইডব্লিউটিসির মাস্টার অ্যাসোসিয়েশন ধর্মঘটের ডাক দেয়। এর পরিপ্রেক্ষিতে শনিবার ভোর ৫টা থেকে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন চাঁদপুর-শরীয়তপুর নৌপথ ব্যবহার করে চট্টগ্রাম অঞ্চলে যাতায়াত করে। এ পথে পাঁচটি ফেরির মাধ্যমে প্রতিদিন গড়ে ৪০০ থেকে ৪৫০টি যানবাহন পারাপার করা হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় গুরুত্বপূর্ণ এ নৌপথে যাত্রী ও পণ্য পরিবহনে অচলাবস্থা তৈরি হয়েছে।
ঝিনাইদহের কালীগঞ্জ থেকে সবজি ও কলা নিয়ে চট্টগ্রাম যাচ্ছিলেন ট্রাকচালক মিলন রহমান। শনিবার ভোররাতে তিনি নরসিংহপুর ফেরিঘাটে পৌঁছান। সকাল ১০টা পর্যন্ত ফেরি চলাচল শুরু না হওয়ায় ঘাটেই অপেক্ষা করছিলেন তিনি।
মিলন রহমান বলেন, ‘সকালের বাজার ধরার জন্য কাঁচামাল নিয়ে চট্টগ্রাম যাচ্ছিলাম। ঘাটে এসে দেখি ফেরি চলছে না। আমার মতো কয়েক শ যানবাহন আটকা পড়ে আছে। কখন ফেরি চলবে, তা-ও জানি না। এভাবে বেশি সময় অপেক্ষা করতে হলে কাঁচামাল নষ্ট হয়ে যাবে। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।’
নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, তাঁদের ফেরির মাস্টার নির্ধারিত নৌপথ অনুসরণ করে ঘাটে যাচ্ছিলেন। ওই পথে অনুমোদনহীন কয়েকটি বালুভর্তি নৌযান চলাচল করছিল। বেপরোয়া গতির একটি নৌযান ফেরিতে ধাক্কা দিলে বাসের এক শিশু যাত্রী নিহত হয়। অথচ পুলিশ ফেরির মাস্টারকে আটক করে তাঁর বিরুদ্ধে মামলা করেছে। এটি মেরিন আইন পরিপন্থী বলে তাঁরা মনে করেন। এ ঘটনার প্রতিবাদে ফেরির শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীরা চলাচল বন্ধ রেখেছেন। তাঁরা মাস্টারের মুক্তি দাবি করছেন।
এ বিষয়ে নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা করা হয়েছে। ওই মামলার এজাহারভুক্ত তিন আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে দুর্ঘটনার ক্ষেত্রে বালুভর্তি নৌযানের শ্রমিকদের পাশাপাশি ফেরির মাস্টারেরও অবহেলার তথ্য পাওয়া গেছে। সে অনুযায়ী প্রচলিত আইনেই তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।
ফেরির শ্রমিক-কর্মচারীরা কী কারণে চলাচল বন্ধ রেখেছেন, সে বিষয়ে তিনি অবগত নন বলেও জানান পুলিশ সুপার।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








