সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিমের বিরুদ্ধে বসতবাড়ি ভাঙচুর, মারধর, মালামাল লুট ও জমি দখলের অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুর থানায় মামলা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান টেনশন মোড় এলাকার বাসিন্দা ইদ্রিস আলী (৬৭) মামলাটি করেন। এতে আবদুল হালিমকে একমাত্র আসামি এবং ৮ থেকে ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে আবদুল হালিমের দুই ভাইয়ের কাছ থেকে সোয়া চার কাঠা জমি কিনে বাড়ি নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস শুরু করেন ইদ্রিস আলী। অভিযোগ, ওই জমি দখলের উদ্দেশ্যে গত বছরের ১৩ সেপ্টেম্বর সকালে দেশীয় অস্ত্র নিয়ে আবদুল হালিম ও তার সহযোগীরা ইদ্রিস আলীর বাড়িতে হামলা চালান। এ সময় বসতঘরের বেড়া, দরজা-জানালা, টিনের চাল ও আসবাব ভাঙচুর করে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি করা হয়। বাধা দিতে গেলে ইদ্রিস আলী ও তার স্ত্রী মিনা খাতুনকে মারধর করা হয়। পাশাপাশি তিনটি খাট ও ১০ বান্ডেল টিনসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুটের অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, ঘটনার পর বিচার চাইলে আবদুল হালিম উল্টো ১৬ সেপ্টেম্বর ইদ্রিস আলীর বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই মামলায় তাকে কারাভোগ করতে হয়। জামিনে মুক্তির পর তিনি জানতে পারেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের প্রভাব খাটিয়ে আবদুল হালিম জমিটি দখল করেছেন। এ নিয়ে বাড়াবাড়ি করলে অস্ত্র মামলায় ফাঁসানোর হুমকি দেওয়ায় তিনি পরিবারসহ এলাকা ছেড়ে শ্বশুরবাড়িতে আশ্রয় নেন।
১২ নভেম্বর আবদুল হালিমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় করা মামলায় তাকে ও তার পরিবারের সদস্যদের মিথ্যাভাবে জড়ানোর চেষ্টা চলছে বলে জানতে পেরে নিরাপত্তাহীনতায় ভুগছেন ইদ্রিস আলী। এ কারণেই এত দিন পর তিনি মামলা করেছেন বলে এজাহারে উল্লেখ করেন।
ইদ্রিস আলী বলেন, আবদুল হালিমের ভাইদের কাছ থেকে তিনি জমি কিনেছিলেন। জমিটি হালিমের বাড়ির নিচের দিকে বাঁশঝাড় এলাকায়। ওই জমি নিয়ে বিরোধের কারণেই তিনি মামলা করেছেন।
অভিযোগের বিষয়ে আবদুল হালিম বলেন, মামলার বিষয়টি তার জানা নেই। ইদ্রিস আলী এলাকায় থাকেন না এবং অনেকের সঙ্গে তার বিরোধ রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক বলে জানেন। ভাইদের জমি কেনাবেচা নিয়ে বিরোধ ছিল। কারও প্ররোচনায় ইদ্রিস আলী এখন মামলা করে থাকতে পারেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মহসীন চৌধুরী বলেন, তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, শনিবার সকালে ইদ্রিস আলী আবদুল হালিমের বিরুদ্ধে মামলাটি করেছেন। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








