জ্বালানি সংকটের মধ্যেও আগামী ডিসেম্বর পর্যন্ত দেশের গ্যাসের চাহিদা মেটাতে প্রয়োজনীয় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। একই সঙ্গে জানুয়ারি মাসের চাহিদা পূরণে এলএনজি কেনার পরিকল্পনা নেওয়া হবে বলেও জানান তিনি।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন-২০২৬’-এ বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন মন্ত্রী। সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘বৈশ্বিক অনিশ্চয়তায় অর্থনীতির রোডম্যাপ: সামষ্টিক অর্থনীতি, বিনিয়োগ ও জ্বালানি নিরাপত্তার কৌশল’।
ইকবাল হাসান মাহমুদ বলেন, বর্তমানে দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল রয়েছে। ডিসেম্বর পর্যন্ত সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় এলএনজি কেনা হয়েছে। এখন জানুয়ারির চাহিদা বিবেচনায় নিয়ে জ্বালানি কেনার পরিকল্পনা করা হবে।
সাম্প্রতিক জ্বালানি সংকটের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ)–সংক্রান্ত সমস্যার কারণে দেশে গ্যাস সরবরাহ প্রায় অর্ধেকে নেমে এসেছিল। এতে বিদ্যুৎ উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। বন্ধ হয়ে যায় অনেক বিদ্যুৎকেন্দ্র। গ্যাসের অভাবে ভোগান্তিতে পড়ে শিল্পকারখানাগুলোও।
তিনি জানান, ওই সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি চুক্তির বাইরে স্পট মার্কেট থেকে উচ্চমূল্যে এলএনজি কিনতে হয়েছে। সিঙ্গাপুরের বাজার থেকে কেনা গ্যাসের দামও উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। আগে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ১২ ডলার থাকলেও সর্বশেষ কেনাকাটায় তা বেড়ে ৩১ ডলারে পৌঁছেছে।
জ্বালানিমন্ত্রী বলেন, এলএনজির দাম বেড়ে যাওয়ায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের ব্যয় তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের ব্যয়ের প্রায় সমান হয়ে যায়। এ অবস্থায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের কয়েকটি ইউনিট চালু করা হয়।
বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি আরও বলেন, গত প্রায় দুই সপ্তাহে দেশে লোডশেডিংয়ের পরিমাণ খুবই কম ছিল। কোথাও কোথাও বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটলেও তা জ্বালানি সংকটের কারণে নয়, বরং কারিগরি ত্রুটির কারণে হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








