ভারত-পাকিস্তান দ্বৈরথ মানেই টানটান উত্তেজনা, যা যেকোনো থ্রিলার সিনেমাকেও হার মানাতে পারে। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ঠিক তেমনই এক নাটকীয় লড়াইয়ের সাক্ষী হলো ক্রিকেটবিশ্ব। রোমাঞ্চকর লড়াইয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
শনিবার (১৪ নভেম্বর) ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনালে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ওপেনার উসমান খানের সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে বড় সংগ্রহ— ৩৩৭ রান।
পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই দুর্দান্ত লড়াই চালায় ভারত। শেষ বল পর্যন্ত গড়ায় ম্যাচ। বাউন্ডারি হাঁকিয়ে দলের ১ উইকেটের জয় ও শিরোপা নিশ্চিত করে ভারত।
ব্যাটিংয়ে ঝড় তুলে নবম উইকেটে মানাল চৌহান ও মোহিত উলভা গড়েন ৫৭ রানের জুটি। মানাল ৩২ বলে ৪৭ রান করে ফিরলে ফের রোমাঞ্চ ছড়ায়। তবে আরেকপ্রান্তে অবিচল ছিলেন দশ নম্বরে ব্যাটিংয়ে নামা মোহিত। ২৬ বলে ৪৯ রানের অপরাজিত ইনিংস খেলে ভারতের জয়ের নায়ক হয়ে উঠলেন মোহিত।
এর আগে টস জিতে ব্যাট করতে নামা পাকিস্তানের হয়ে দুর্দান্ত সেঞ্চুরি করেন উসমান খান। ১১১ বলে ১০৭ রান করেন তিনি। তিনে নেমে আবদুল কাদির খেলেন ৫৪ বলে ৮০ রানের ঝোড়ো ইনিংস। অধিনায়ক ফারহান ইউসুফের ব্যাট থেকে আসে ৬০ রান। ভারতের হয়ে ৬৮ রানে ৪ উইকেট নেন কাব্য প্যাটেল, চিগুরুপতি ভেঙ্কাটা পান ৩ উইকেট।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








