২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা সাহসিকতার পরিচয় দিয়েছে এবং এতে দেশের সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ ও সহায়ক ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। একই সঙ্গে তিনি বলেছেন, দেশের টেকসই উন্নয়নের জন্য গণতন্ত্রের কোনো বিকল্প নেই।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) আয়োজিত ‘ভেটেরানস ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, দেশমাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত করা অত্যন্ত গৌরবের বিষয়। দেশের প্রয়োজনে সামরিক বাহিনীর সদস্যরা কখনো জীবন উৎসর্গ করতেও পিছপা হননি।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে তিনি বলেন, একাত্তরে ইস্টবেঙ্গল রেজিমেন্টের পাঁচটি ব্যাটালিয়ন দেশের পাঁচটি ক্যান্টনমেন্টে প্রথম বিদ্রোহ ঘোষণা করেছিল। তবে মুক্তিযুদ্ধের পর ইস্টবেঙ্গল রেজিমেন্টের সেই অবদান ও কৃতিত্ব অস্বীকার করা হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।
স্বাধীনতার পরপরই মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছিল উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, সাধারণ মানুষের জীবন রক্ষার তাগিদে সেদিন প্রশিক্ষণ ছাড়াই দেশের মানুষ অস্ত্র হাতে তুলে নিয়েছিল। পৃথিবীর অন্য যেকোনো জাতির তুলনায় বাংলার দামাল সন্তানেরা বেশি সাহসী বলেও মন্তব্য করেন তিনি।
গণতন্ত্রের গুরুত্ব তুলে ধরে স্পিকার বলেন, মহান মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা। তাই দেশের টেকসই উন্নয়নে গণতন্ত্রের কোনো বিকল্প নেই।
বিগত ১৫ বছরের সময়কালকে দুঃশাসনের ইতিহাস হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা বীরোচিত সাহসিকতার পরিচয় দিয়েছে। উদ্যত সঙ্গিনের সামনে শহীদ আবু সাঈদ বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন। ওই গণঅভ্যুত্থানে সামরিক বাহিনীও গুরুত্বপূর্ণ ও সহায়ক ভূমিকা পালন করেছে।
সিলেটের এমসি কলেজ প্রাঙ্গণে মুক্তিযুদ্ধের সম্মুখসমরের স্মৃতিচারণ করতে গিয়ে একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন স্পিকার। সাহসিকতা ও ধৈর্যের সঙ্গে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে জাতির গৌরবগাথায় নিজের সম্পৃক্ততার কথা উপস্থিত ব্যক্তিদের সামনে তুলে ধরেন তিনি।
এ সময় এমসি কলেজের সেই যুদ্ধে কর্নেল মোদাচ্ছির আলী খানের অসীম সাহসিকতার প্রশংসা করেন হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, সামরিক বাহিনীর সদস্য হওয়া যেমন গৌরবের, তেমনি রাওয়ার সদস্য হওয়াও সম্মানের। রাওয়ার প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে নিজের পরিচয় তুলে ধরে তিনি আরও বলেন, সামরিক বাহিনীতে কাটানো আট বছর ছিল তার জীবনের শ্রেষ্ঠ সময়।
অনুষ্ঠানে সামরিক বাহিনীর জ্যেষ্ঠ অবসরপ্রাপ্ত কর্মকর্তা, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ইস্টবেঙ্গল রেজিমেন্টের অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








