সুন্দরবনের দুবলারচরে আগামী ২২ থেকে ২৪ নভেম্বর তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে তীর্থযাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পাঁচটি নৌপথ নির্ধারণ করেছে সুন্দরবন পশ্চিম বনবিভাগ। একই সঙ্গে সুন্দরবনে প্রবেশ, অবস্থান ও নৌযান চলাচলে বেশ কিছু নির্দেশনা জারি করা হয়েছে।
বনবিভাগ নির্ধারিত পাঁচটি রুট হলো—
১. বুড়িগোয়ালিনী-কোবদক থেকে বাটুলানদী, বলনদী ও পাটকোষ্টা খাল হয়ে হংসরাজ নদী দিয়ে দুবলারচর।
২. কয়রা-কাশিয়াবাদ থেকে খাসিটানা ও বজবজা হয়ে আড়ুয়া শিবসা, শিবসা নদী ও মরজাত দিয়ে দুবলারচর।
৩. নলিয়ান স্টেশন থেকে শিবসা-মরজাত নদী হয়ে দুবলারচর।
৪. ঢাংমারী অথবা চাঁদপাই স্টেশন থেকে তিনকোনা দ্বীপ বরাবর পশুর নদী হয়ে দুবলারচর।
৫. বগী-বলেশ্বর-সুপতি-কচিখালী-শেলারচর হয়ে সুন্দরবনের বাইরে দিয়ে দুবলারচর।
বনবিভাগ সূত্রে জানা গেছে, শুধু সনাতন ধর্মাবলম্বীদের জন্য ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত তিন দিনের প্রবেশের অনুমতি দেওয়া হবে। এ জন্য জাতীয় পরিচয়পত্রের কপি অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সনদসহ আবেদন করতে হবে। নির্ধারিত রাজস্ব পরিশোধের পর প্রবেশপথে অনুমতিপত্র দেওয়া হবে। প্রতিটি অনুমতিপত্রে নির্দিষ্ট একটি রুট উল্লেখ থাকবে।
নির্দেশনা অনুযায়ী, তীর্থযাত্রীদের ২২ নভেম্বর দিনের ভাটায় যাত্রা শুরু করতে হবে। নৌযান চলাচল করতে পারবে শুধু দিনের বেলায়। বনবিভাগের নির্ধারিত চেকিং পয়েন্ট ছাড়া অন্য কোথাও নৌযান থামানো যাবে না। প্রতিটি নৌযানে পর্যাপ্ত লাইফ জ্যাকেট বা বয়া রাখতে হবে। নৌযানের গায়ে সিরিয়াল নম্বর ও যাত্রীর সংখ্যা উল্লেখ করতে হবে। সুন্দরবনে প্রবেশের পর প্রত্যেক যাত্রীকে দেওয়া টোকেন বা টিকিট সঙ্গে রাখতে হবে। পাশাপাশি প্রতিটি নৌযানকে আলোরকোলে স্থাপিত নিয়ন্ত্রণকক্ষে রিপোর্ট করতে হবে।
রাস পূর্ণিমা উপলক্ষে সুন্দরবনে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, হরিণ শিকারের ফাঁদ, গাছ কাটার যন্ত্রসহ অবৈধ সামগ্রী বহন নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক, মাইক, পটকা ও বাজি ব্যবহার এবং সব ধরনের শব্দদূষণ নিষিদ্ধ থাকবে। এসব নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বনবিভাগ।
সুন্দরবনের বনজসম্পদ ও বন্যপ্রাণী সংরক্ষণের পাশাপাশি তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বনবিভাগ, বিজিবি ও কোস্টগার্ডের টহল দল দায়িত্ব পালন করবে।
নির্ধারিত নৌপথ ও নির্দেশনা মেনে সংশ্লিষ্ট ফরেস্ট স্টেশনে রাজস্ব পরিশোধ করে দুবলারচরে যাতায়াতের জন্য তীর্থযাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে সুন্দরবন পশ্চিম বনবিভাগ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








