পেছনের দরজা দিয়ে ফ্যাসিস্ট শক্তি দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, পাশের দেশের মদদ নিয়ে নৈরাজ্য সৃষ্টি করে আবারও ক্ষমতায় ফিরতে চায় ফ্যাসিস্টরা।
সোমবার (১৬ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটির নেতাদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব মন্তব্য করেন।
রিজভী বলেন, পেছনের দরজা দিয়ে নৈরাজ্য সৃষ্টির ফ্যাসিস্টদের চেষ্টা দেশের জনগণ সফল হতে দেবে না। ক্ষমতায় ফিরে তারা আবার ব্যাংকের টাকা পাচার করবে, আর তাদের মন্ত্রী-এমপিরা সিঙ্গাপুর, থাইল্যান্ড, কানাডা ও দুবাইয়ে বিলাসী জীবন কাটাবেন। সেই সুখের জীবন আর কখনো ফিরে আসবে না বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ আবারও ঐক্যবদ্ধ হয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি প্রসঙ্গে রিজভী বলেন, এই কমিটির মাধ্যমে দক্ষিণ মহানগর বিএনপি আরও শক্তিশালী হবে। দলের জন্য নেতাকর্মীরা জীবন বাজি রেখে কাজ করেছেন। তাঁরা দায়িত্বে থাকলে দল সঠিকভাবে পরিচালিত হবে।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, আগামীতে যত ষড়যন্ত্রই হোক না কেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তা মোকাবিলা করা হবে। রাজনৈতিকভাবে জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








