নীলফামারীর সৈয়দপুর পৌর এলাকায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংপ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে পৌরসভার ১ ও ৩ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সকালে প্রথমে শহরের ১ নম্বর ওয়ার্ডের ঢেলাপীর আবাসন এলাকায় এবং পরে ৩ নম্বর ওয়ার্ডের নয়াটোলায় মুসলিম স্কুলে তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আকতার শাহীন, সৈয়দপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকার, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম, সৈয়দপুর রাজনৈতিক জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোছা. রূপা, শিক্ষা বিষয়ক সম্পাদক রুজিনা, সৈয়দপুর পৌর বিএনপির সোহাগ, ১নং ওয়ার্ডের বশির উদ্দিন, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির মো. টুনটুন, মোহাম্মদ আলীসহ স্থানীয় নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে অসচ্ছল ও নিম্নআয়ের পরিবারগুলোকে সামাজিক সুরক্ষার আওতায় আনার পাশাপাশি নারীর ক্ষমতায়ন ও পরিবারের আর্থিক সক্ষমতা বাড়ানো সম্ভব হবে। পর্যায়ক্রমে এ কর্মসূচি সৈয়দপুরের অন্যান্য ওয়ার্ডসহ দেশের সব এলাকায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
সৈয়দপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুর মোহাম্মদ জানান, সৈয়দপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডে তথ্য সংগ্রহের জন্য পাঁচজন সুপারভাইজার ও ৫২ জন তথ্য সংগ্রহকারী কাজ করছেন। যদিও গোটা উপজেলা রিজার্ভসহ ১৩৩ জন আছেন। আজ থেকে পৌর এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়েছে। যদিও ইউনিয়ন পর্যায়ে আগে থেকেই তথ্য সংগ্রহের কাজ চলছে। ধাপে ধাপে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আশা করছি, সবার সহযোগিতায় নির্ভুলভাবে তথ্য সংগ্রহের কাজ সম্পন্ন করা সম্ভব হবে।
উল্লেখ্য, বিএনপির ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রতিশ্রæতি দেওয়া হয়। সরকারি কর্মসূচির আওতায় নির্বাচিত উপকারভোগী পরিবারকে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা রয়েছে। কার্ডটি পরিবারের নারী প্রধান বা মায়ের নামে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত উপকারভোগী নির্বাচন করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








