‘বাল্যবিয়ের বিরুদ্ধে, রুখে দাঁড়াও একসাথে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধে গণসচেতনতামূলক সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার তমালতলা বাজার থেকে র্যালিটি শুরু হয়ে নিজেরা করি সংগঠনের বাগাতিপাড়া কার্যালয়ে গিয়ে শেষ হয়।
কিশোর-কিশোরীদের উদ্যোগে আয়োজিত এ র্যালিতে বাল্যবিয়ে ও যৌন হয়রানির বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টির বার্তা তুলে ধরা হয়। একই সঙ্গে বাল্যবিয়ে প্রতিরোধ, কিশোর-কিশোরীদের নিরাপদ বেড়ে ওঠা এবং তাদের অধিকার সুরক্ষায় সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের আহ্বায়ক আইভি রহমান, উপজেলা ক্রীড়া সম্পাদক মোস্তাফিজুর রহমান শফিক, ভূমিহীন সংগঠনের আঞ্চলিক কমিটির যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন ও ইসমাইল হোসেন, আঞ্চলিক কমিটির সদস্য পারভীন বেগম এবং নিজেরা করি সংগঠনের অঞ্চল সমন্বয়কারী জাহাঙ্গীর আলম।
র্যালিটি বাস্তবায়নে সহযোগিতা করে ভূমিহীন সংগঠন ও নিজেরা করি, বাগাতিপাড়া, নাটোর।
এদিকে, একই কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৩টায় বাগাতিপাড়া পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে রোকেয়া ফুটবল একাদশ ও প্রীতিলতা ফুটবল একাদশের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের কথা রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








