বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি পরীক্ষা-২০২৬-এর ফল প্রকাশিত হয়েছে। এ বছর পরীক্ষায় পাসের হার ৬৪ দশমিক ৭৫ শতাংশ। চূড়ান্ত পরীক্ষায় ১৬ হাজার ২২২ জন অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৫০৩ জন।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। এর আগে পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদ ফলাফলের গেজেট উপাচার্যের কাছে হস্তান্তর করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৪৬ হাজার ৭৬৫ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। তাদের মধ্যে দুই বর্ষের পরীক্ষায় অংশ নেন ৩৮ হাজার ১৭৯ জন। চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ৫ হাজার ৭১৬ জন ছাত্র এবং ৪ হাজার ৭৮৭ জন ছাত্রী।
ফল ঘোষণা করে উপাচার্য বলেন, বাউবির লক্ষ্য শুধু পাসের হার বাড়ানো নয়, বরং গুণগত শিক্ষা নিশ্চিত করা। সুষ্ঠু, স্বচ্ছ, নির্ভুল ও নকলমুক্ত পরীক্ষা আয়োজনের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয় বদ্ধপরিকর। মাত্র ৪১ কর্মদিবসে ফল প্রকাশ সম্ভব হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
এ সময় স্থগিত ফলাফলের সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে পরীক্ষা কার্যক্রমে যুক্ত শিক্ষক, পরীক্ষক ও কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান উপাচার্য।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








