দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে শুরুর ধাক্কা সামলে ইনিংসের সমাপ্তি দারুণ টেনেছে বাংলাদেশ। বাংলাদেশের প্রথম ইনিংসে শেষ হয়েছে কাঁটায় কাঁটায় ৪০০ রানে।
দিনের শুরুতেই প্রথম বলে উইকেট হারানোর পর এক সময় বাংলাদেশের স্কোর দাঁড়ায় ২২ রানে ৩ উইকেট। এরপর তানজিদ আর হৃদয়ের জুটিতে ঘুরে দাঁড়ানোর শুরু হয়। পরে আবার রাবাদার গতির ধাক্কা। তানজিদকে হারিয়ে ১২১ রানে ৫ উইকেট নেই বাংলাদেশের।
এরপর দিনের শেষটা দুর্দান্ত হওয়ার পেছনের নায়ক তাওহিদ হৃদয় ও লিটন দাস। দুজনের দুর্দান্ত সেঞ্চুরিতেই চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। জোড়া সেঞ্চুরি হাঁকানোর পথে ষষ্ঠ উইকেটে ২০৬ রানের দুর্দান্ত জুটি গড়েন তারা।
গতকাল দিনের শেষ বলে ১৩৭ রানে আউট হন হৃদয়। আর আজ ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন। অষ্টম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ১২০ রানের ইনিংসটি মেয়েকে উৎসর্গ করেন তিনি। বাংলাদেশি উইকেটরক্ষক-ব্যাটারের আজ জন্মদিন।
লিটন-হৃদয়ের দুর্দান্ত জুটির আগে বড় সংগ্রহে অবদান রেখেছেন তানজিদ হাসান তামিমও। ওপেনিংয়ে নেমে ৬৭ রানের ইনিংস খেলেন বাঁহাতি ব্যাটার।
আজ দ্বিতীয় দিনের খেলা ৬ উইকেটে ৩২৭ রান নিয়ে শুরু করেছিল বাংলাদেশ।
বাকি ৪ উইকেট আজ ৭৩ রানে হারিয়েছে সফরকারীরা। সবকটি উইকেটই নিয়েছেন ড্যান প্যাটারসেন। তবে প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট নেন রাবাদা।
দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংশে ব্যাট করতে নেমেছে। হাসান মাহমুদের হাত ধরে প্রথম উইকেট পেয়েও গেছে বাংলাদেশ। অফ স্টাম্পের সামান্য বাইরের বল এইডেন মার্করামের হাত ছুয়ে গেছে উইকেটরক্ষক লিটন দাসের হাতে।
স্বাগতিকরা ৫ ওভারে এক উইকেট হারিয়ে ১৮ রানে মধ্যাহ্নভোজে গেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








