দক্ষিণ বাংলাকে দেশের উন্নয়নের মূলধারায় যুক্ত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, ভোলার গ্যাসসম্পদ, কুয়াকাটার সমুদ্রসৈকত ও পায়রা বন্দর দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পদ। এসব সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়া হচ্ছে।
সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ সময় সকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসের আড্ডা রেস্টুরেন্ট পার্টি হলে বৃহত্তর বরিশালবাসীর উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দক্ষিণাঞ্চলের উন্নয়নে প্রবাসীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে সহযোগিতা করতে আগ্রহী প্রবাসীদের উদ্যোগকে সরকার আন্তরিকভাবে স্বাগত জানাবে।
ডা. আব্দুস সবুরের সভাপতিত্বে এবং নিউইয়র্ক স্টেট যুবদলের সাবেক দপ্তর সম্পাদক অহিদুজ্জামান নিলুর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী গোলাম ফারুক সাহিন, রুহুল আমিন নাসির ও ফিরোজ মিয়া।
এ সময় যুক্তরাষ্ট্রপ্রবাসী বৃহত্তর বরিশাল অঞ্চলের বিপুলসংখ্যক মানুষসহ স্থানীয় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








