আজকের খুদে ডাক্তার, আগামী দিনের ভবিষ্যৎ ডাক্তার’ স্লোগানে সুনামগঞ্জের ধর্মপাশায় ২৫ শিক্ষার্থীকে প্রাথমিক স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলনকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের হাত-পা কেটে গেলে প্রাথমিক করণীয়, বিভিন্ন টিকা, হাম, রক্তচাপ, ডেঙ্গু, সাপে কামড় এবং কুকুর, শিয়াল ও বিড়ালের কামড়ে আহত হলে করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে উপজেলা সদরের ধর্মপাশা ২ নম্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ২৫ শিক্ষার্থী অংশ নেয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবীর সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা (রোগ নিয়ন্ত্রণ) ডা. মাজেদুল হাসান পিয়াসের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজমুল হায়দার ও সাংবাদিক সালেহ আহমদ। প্রশিক্ষণ পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা (তথ্যপ্রযুক্তি) ডা. সাবের হোসেন ফুয়াদ।
প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান যাচাইয়ে লিখিত পরীক্ষা নেওয়া হয়। এতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হয়। এ ছাড়া বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুল হাসানের হাতে প্রাথমিক চিকিৎসার উপকরণ, ফার্স্ট এইড বক্স ও রক্তচাপ মাপার যন্ত্র তুলে দেওয়া হয়।
ব্যতিক্রমী আয়োজনের অংশ হিসেবে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মৌনিপা আরা নোহাকে ১৫ মিনিটের জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার চেয়ারে বসিয়ে প্রতীকী দায়িত্ব দেওয়া হয়। এ সময় সে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বৃক্ষরোপণের পরামর্শ দেয় এবং চিকিৎসক হিসেবে নিঃস্বার্থভাবে রোগীদের সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে। পরে তার পরামর্শ অনুযায়ী স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে তিনটি ঔষধি গাছের চারা রোপণ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









