জীবিকার সন্ধানে দক্ষিণ আফ্রিকার যাওয়ার চেষ্টায় দালালের প্রতারণার শিকার হয়ে ঠাঁই হয় ভারতের কারাগারে। দীর্ঘ পাঁচ বছর দুই মাসের বন্দিজীবন শেষে অবশেষে পরিবারের কাছে ফিরছেন জামালপুরের তিন যুবক।
মঙ্গলবার (১৭ নভেম্বর) আইনি প্রক্রিয়া শেষে যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন তারা। দীর্ঘ প্রতীক্ষার পর স্বজনদের ফেরার খবরে তিন পরিবারেই বইছে আনন্দের বন্যা।
ভারতে দীর্ঘ পাঁচ বছর দুই মাস কারাভোগের পর মুক্তি পাওয়া তিন যুবক হলেন- সোনা মন্ডলের ছেলে মেহেদী হাসান (২০), জয়নাল মিয়ার ছেলে মমিন মিয়া (১৯) এবং রেজাউল করিমের ছেলে শাওন হাসান (১৮)।
পরিবার সূত্রে জানা গেছে, সংসারে সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে ২০২১ সালে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার উদ্দেশে বাড়ি ছাড়েন মাদারগঞ্জ পৌর এলাকার জোনাইল পক্ষীমারী গ্রামের তিন যুবক।
তবে বিদেশে গিয়ে ভাগ্য বদলের স্বপ্ন পূরণ হওয়ার আগেই দালালের প্রতারণার শিকার হন তারা। দক্ষিণ আফ্রিকায় পৌঁছানোর আগেই ওই বছরের ১০ আগস্ট ভারতের দিল্লি বিমানবন্দরে আটক হন তিনজন। পরে তাদের বিরুদ্ধে মামলা হলে ২০২১ সালের অক্টোবরে আদালত তাদের আট বছরের কারাদণ্ড হয়। এরপর তাদের পাঠানো হয় উত্তর প্রদেশের লখনৌ কারাগারে।
সন্তানদের কারাবন্দি হওয়ার খবর পেয়ে দিশেহারা হয়ে পড়েন পরিবারের সদস্যরা। তাদের মুক্ত করতে শুরু হয় আইনি লড়াই। দীর্ঘ অপেক্ষা ও নানা আইনি প্রক্রিয়া শেষে গত ১৩ নভেম্বর লখনৌ কারাগার থেকে মুক্তি পান মেহেদী, মমিন ও শাওন। অবশেষে মঙ্গলবার বেলা ১১টার দিকে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশের মাটিতে পা রাখেন তারা।
শাওন হাসানের বাবা রেজাউল করিম বলেন, ‘‘দীর্ঘদিন কারাভোগের পর আমার ছেলেসহ তিনজন আজ দেশে ফিরেছে। তারা বেনাপোল থেকে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছে। তাদের ফিরে আসার খবরে আমরা পরিবারের সদস্যরা আনন্দিত। দীর্ঘদিন পর সন্তানকে কাছে পাওয়ার অপেক্ষায় রয়েছি।’’
এদিকে তিন যুবকের দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী জানান, এ বিষয়ে তিনি অবগত নন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








