কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় মো. লিটন মিয়া (৩৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে মহাসড়কের আমানগন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিটন চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মিয়াবাজার থেকে দুই যাত্রী নিয়ে চৌদ্দগ্রামের দিকে যাচ্ছিলেন লিটন। আমানগন্ডা এলাকায় পৌঁছালে পেছন থেকে চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক লিটনের মৃত্যু হয়। আহত হন দুই যাত্রী।
স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আবুল হাশেম জানান, পরীক্ষা-নিরীক্ষা শেষে সিএনজি চালককে মৃত ঘোষণা করা হয়েছে। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লায় পাঠানো হয়েছে।
থানার উপপরিদর্শক (এসআই) তোফায়েল আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








