ফরিদপুর প্রেস ক্লাবের সাবেক দপ্তর সম্পাদক ও দৈনিক সমকালের সাংবাদিক গৌতম দাসের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, শ্রদ্ধা নিবেদন ও প্রার্থনাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় ফরিদপুর প্রেস ক্লাবের উদ্যোগে ক্লাব মিলনায়তনে স্মরণসভার আয়োজন করা হয়।
প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেস ক্লাবের জ্যেষ্ঠ সদস্য বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার হাসানুজ্জামান, প্রেস ক্লাবের সদস্য সাজ্জাদ হোসেন রনি, শফিকুল ইসলাম মনি, মাসুদুর রহমান তরুণ ও সমকাল সুহৃদ সমাজের সভাপতি আবরার নাদিম ইতু।
বক্তারা বলেন, গৌতম দাস ছিলেন সৎ, নির্ভীক ও সাহসী সাংবাদিক। অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে তিনি সবসময় আপসহীন ছিলেন। তার সাহসী সাংবাদিকতা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তারা গৌতম দাসের জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে সত্য ও ন্যায়ের পক্ষে সাহসের সঙ্গে সাংবাদিকতা করার আহ্বান জানান।
এর আগে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে আত্মার শান্তি কামনায় প্রার্থনা অনুষ্ঠিত হয়।
এদিকে সকালে জেলার ভাঙ্গা উপজেলার চন্ডিদাসদী গ্রামে গৌতম দাসের সমাধিতে সমকাল সুহৃদ সমাবেশসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। তার ভাই-বোনদের উদ্যোগে সেখানে পারিবারিকভাবে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ নভেম্বর ফরিদপুর শহরে দৈনিক সমকালের ব্যুরো অফিসে শ্বাসরোধ করে হত্যা করা হয় গৌতম দাসকে। ফরিদপুর শহরের মুজিব সড়ক সংস্কারকাজে ঠিকাদারদের দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয় বলে মামলার বিবরণে উঠে আসে। হত্যাকাণ্ডের ঘটনায় সমকালের পক্ষে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন স্থানীয় প্রতিনিধি হাসানউজ্জামান। ২০১৩ সালের ২৭ জুন ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূরউদ্দিন মামলার রায় ঘোষণা করেন। রায়ে নয় আসামির সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








