মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।
তিনি বলেছেন, মওলানা ভাসানী কখনো অন্যায়-অবিচারের কাছে মাথা নত করেননি। গণতন্ত্র ও নির্যাতিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। তাঁর সেই আদর্শ বুকে ধারণ করেই সামনে এগিয়ে যেতে হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, স্বাধীনতাযুদ্ধের মূল বীজ টাঙ্গাইল থেকেই বপন করেছিলেন মজলুম জননেতা ভাসানী। একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন-সংগ্রাম করেছেন। তারা কেউ অন্যায়ের সঙ্গে আপস করেননি।
তিনি অভিযোগ করেন, অতীতে গণতন্ত্র হরণ করে বাকশাল কায়েমের মাধ্যমে স্বাধীনতার মূল চেতনা ধ্বংস করা হয়েছে। বিগত ১৭ বছর ফ্যাসিবাদ কায়েম করে মানুষের ওপর নির্যাতন-নিপীড়ন ও হত্যাযজ্ঞ চালানো হয়েছে। আন্দোলন-সংগ্রামে অসংখ্য নেতাকর্মী খুন ও গুমের শিকার হয়েছেন। সর্বশেষ জুলাই আন্দোলনে ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করা হয়েছে, যাদের মধ্যে শিশুও রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, জনগণের মাধ্যমে বিতাড়িত অপশক্তি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে আবারও দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা সাময়িক বিশৃঙ্খলা তৈরি করতে পারলেও দেশের মানুষ তাদের রাজনীতিতে জায়গা দেবে না। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
গোপালগঞ্জে বাড়িঘরে অগ্নিসংযোগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বাড়িতে আগুন দেওয়ার মতো ঘটনা কোনো রাজনৈতিক দলের কাজ হতে পারে না। এ ধরনের কাজ ফ্যাসিবাদী ও স্বৈরাচারী শক্তিরাই করতে পারে। অপশক্তি যাতে রাজনীতিতে ফিরে আসতে না পারে, সে জন্য পাড়া-মহল্লা, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে এবং সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুর সঞ্চালনায় স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির আহ্বায়ক শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু এমপি, জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব এবং টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির।

এর আগে বিএনপির নেতাকর্মীরা মওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন।
এদিকে, মঙ্গলবার ভোর থেকেই সন্তোষে ভাসানীর মাজার প্রাঙ্গণে মানুষের ঢল নামে। ফুলে ফুলে ছেয়ে যায় মাজার। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় তাকে স্মরণ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








