বর্তমান কর্মএলাকা ও অধিক্ষেত্র বহাল রাখাসহ পাঁচ দফা দাবিতে জামালপুরে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নিকাহ রেজিস্ট্রাররা (কাজি)।
সোমবার (১৬ নভেম্বর) সকালে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে শহরের ফৌজদারি মোড় থেকে মিছিল বের করেন তারা। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে অবস্থান কর্মসূচিতে মিলিত হয়। এতে জেলার বিভিন্ন এলাকার নিকাহ রেজিস্ট্রাররা অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, একটি ইউনিয়ন বা ওয়ার্ডে একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগের প্রস্তাব তাদের পেশাগত জীবনে অনিশ্চয়তা তৈরি করবে। এতে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করা কাজিদের জীবিকা ও পেশাগত নিরাপত্তা হুমকির মুখে পড়বে।
তাদের অন্য দাবিগুলো হলো—কোনো নিকাহ রেজিস্ট্রার মারা গেলে বা অবসরে গেলে তার যোগ্য পুত্রকে সরাসরি নিয়োগ, নিয়োগের ক্ষেত্রে ধর্মীয় শিক্ষা ও ইসলামী শরিয়াহ সম্পর্কে জ্ঞানকে গুরুত্ব দেওয়া, অবসরের বয়সসীমা ৭৫ বছর নির্ধারণ এবং বিবাহ ও তালাক নিবন্ধনসহ আনুষঙ্গিক ফি যৌক্তিক হারে বৃদ্ধি করা।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের জেলা সভাপতি কাজী হাবিবুল্লাহ, সাধারণ সম্পাদক কাজী মসিউর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, সিনিয়র সহসভাপতি আজিজুর রহমান, সদর উপজেলা সভাপতি গোলাম রব্বানী ও সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিনসহ অন্য নেতারা।
কাজী মসিউর রহমান বলেন, তারা সরকারের সঙ্গে সংঘাতে যেতে চান না। আলোচনার মাধ্যমে পেশাগত মর্যাদা, স্বচ্ছ নিয়োগব্যবস্থা ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করে সমস্যার স্থায়ী সমাধান চান। দাবিগুলো সরকারের নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দিতে সহযোগিতাও কামনা করেন তিনি।
তিনি আরও জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৭ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশসহ পরবর্তী কর্মসূচি পালন করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








