সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে ভারত আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবেএ কথা জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, এ সময় শেখ হাসিনা ইস্যুর চেয়ে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ।
শামা ওবায়েদ বলেন, ‘‘অন্য যেকোনো আসামির মতো শেখ হাসিনাকেও দেশে ফিরে এসে সাজা ভোগ করতে হবে। শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক শর্ত দেওয়া হলে সরকার তা বিবেচনা করবে। তবে গণমাধ্যমে এ বিষয়ে কী প্রকাশিত হয়েছে, সেটিকে গুরুত্ব দেওয়ার কিছু নেই।’’
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘‘অতীতে আওয়ামী লীগ দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, বর্তমানে একই ধরনের কর্মকাণ্ড করছে দলটি।’’
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা রয়েছে। তবে ভারত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক শর্ত জানানো হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারতের সম্ভাব্য দুটি শর্তের কথা প্রকাশ করা হয়। গত ১২ নভেম্বর প্রকাশিত ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে নয়াদিল্লির কর্মকর্তারা দুটি শর্তের আভাস দিয়েছেন।
প্রতিবেদনে উল্লেখিত প্রথম শর্তে বলা হয়েছিল, শেখ হাসিনা ভারতে এসেছিলেন বাংলাদেশ মিলিটারির সামরিক এয়ারক্র্যাফটে, তাকে ফিরিয়ে নেওয়ার কাজটাও বাংলাদেশ সেনাবাহিনীকেই করতে হবে।
দ্বিতীয় শর্ত হিসেবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছিল, শেখ হাসিনা যেন তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার নতুন করে শুরু করা হয়, বাংলাদেশ সরকারকে সেই নিশ্চয়তা দিতে হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









