ভারতে একটি অনুষ্ঠান উপলক্ষে এসেছেন ব্রিটেনের প্রিন্স উইলিয়াম এবং রাজবধূ কেট মিডলটন। মুম্বাইয়ে পৌঁছানোর পর তাদের আমন্ত্রণ জানিয়েছেন শচীন টেন্ডুলকার।
এরপর ভারতের প্রাক্তন ক্রিকেটারের সঙ্গে ক্রিকেট খেলেছেন প্রিন্স উইলিয়াম এবং রাজবধূ। শুধু তাই নয়, শচীনের সঙ্গে চা এবং মুম্বাইয়ের রাস্তার খাবারও খেয়েছেন দু’জনে।
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে রাস্তায় খুদে ক্রিকেটারদের সঙ্গে ক্রিকেট খেলতে দেখা গিয়েছে উইলিয়াম এবং কেটকে। শচীন বল করেছেন আর পাশে দাঁড়িয়ে উৎসাহ দিয়েছে খুদে ক্রিকেটপ্রেমীরা।
এরপর বিশেষভাবে সাজানো একটি চায়ের দোকানে উইলিয়াম এবং কেটকে নিয়ে যান শচীন। সেখানে মাটির ভাঁড়ে ‘কাটিং চা’ পরিবেশন করা হয় দু’জনকে। সেই চায়ের প্রশংসা করেন দু’জনেই। পাশাপাশি মুম্বাইয়ের রাস্তার বিভিন্ন বিখ্যাত খাবারও খেয়ে দেখেন তিন জনে। কেটকে প্রশংসা করতে দেখা যায় খাবারের।
মুম্ইোয়ের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনায় উইলিয়াম এবং কেটকে নিয়ে ঘুরেছেন শচীন। সেই স্থাপনার মাহাত্ম্য এবং ইতিহাস বোঝাতে দেখা গিয়েছে তাকে।
ভারতে তিন দিনের সফরে এসেছেন উইলিয়াম এবং কেট। মুম্বাইয়ে তাদের সংস্থা আয়োজিত ‘আর্থশট পুরস্কার’ অনুষ্ঠান হবে। পৃথিবীর বিভিন্ন সমস্যা মেটাতে উদ্ভাবনী কিছু তৈরি করেছেন, এ রকম পাঁচ জনকে প্রায় সাড়ে ১২ কোটি টাকা করে পুরস্কার দেওয়া হবে। ২০২০ সাল থেকে এই উদ্যোগ শুরু করেছেন কেট এবং উইলিয়াম।
মুম্বাইয়ের অনুষ্ঠানের সাহায্যে ভারত এবং ব্রিটেনের মধ্যে ক্রিকেট, ফ্যাশন এবং সিনেমার সাংস্কৃতিক বন্ধনকে তুলে ধরা হবে। বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে অনুষ্ঠানে দেখা যাবে বলে শোনা গিয়েছে।
অনুষ্ঠানটি আগামীকাল মঙ্গলবার হওয়া কথা রয়েছে। বুধবার দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন উইলিয়াম এবং কেট এবং তারা দেশে ফিরবেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








