পঞ্চগড়ের ঐতিহ্যবাহী আটোয়ারী আলোয়াখোয়া রাশ মেলা-২০২৬ আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৪ নভেম্বর মেলার উদ্বোধন হবে। মেলা চলবে মাসব্যাপী।
সোমবার (১৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীনের প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপমা রায়। উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. রেজাউন নবী রাজার সঞ্চালনায় ২০২৫ সালের মেলার আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. শাহাজাহান।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হুমায়ুন কবীর, আটোয়ারী থানার ওসি মো. মতিয়ার রহমান, উপজেলা বিএনপির সভাপতি এ.জেড.এম. বজলুর রহমান (জাহেদ), সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রহমান (আব্দার), এনএসআইয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার, বীর মুক্তিযোদ্ধা মির্জা নুরুল ইসলাম (হেলাল), উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল্যাহেল বাকী, ফকিরগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি কমলেশ চন্দ্র ঘোষ, উপজেলা পূজা উদযাপন কমিটির সম্পাদক মনোজ রায় হিরুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা বক্তব্য দেন।
সভায় মেলার আইনশৃঙ্খলা, নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা এবং দর্শনার্থীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। পরে উপস্থিত ব্যক্তিদের কণ্ঠভোটে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বাবুল ইসলামকে মেলা-২০২৬-এর সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
প্রতিবারের মতো এবারও মেলায় গরু, মহিষ, ঘোড়া, ছাগল, ভেড়া, কাঠ ও স্টিলের আসবাবপত্রসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের সমারোহ থাকবে। পাশাপাশি দর্শনার্থীদের জন্য সুস্থ বিনোদনের ব্যবস্থা রাখা হবে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও উপজেলা প্রশাসন সুশৃঙ্খল পরিবেশে মেলা আয়োজন ও পরিচালনায় দলমত-নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করেছেন।
সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পুলিশ, বিজিবি, আনসার সদস্য, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








