শরীয়তপুরের জাজিরায় নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশ থেকে জেলার শান্তি-শৃঙ্খলা বিনষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহতের ঘোষণা দিয়েছেন শরীয়তপুরের দুই সংসদ সদস্য। তারা বলেছেন, জেলায় নৈরাজ্য, সন্ত্রাস ও বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় এ কর্মসূচি পালিত হয়। সমাবেশে বক্তব্য দেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরন এবং শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম।
শফিকুর রহমান কিরন বলেন, বিএনপি আদর্শভিত্তিক রাজনীতিতে বিশ্বাসী, সন্ত্রাসের রাজনীতিতে নয়। মানুষের কল্যাণ ও দেশের উন্নয়নই রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত। রাজনৈতিক শিষ্টাচার ও ভদ্রতাকে কেউ দুর্বলতা মনে করলে তার জবাব দেওয়া হবে। রাজনৈতিক প্রতিহিংসা, সন্ত্রাস ও সংঘাতের মাধ্যমে ইতিবাচক কিছু অর্জন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দলটির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে অনেকে এখনো স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না। তাদের ব্যবহার করে কেউ যেন নতুন করে সংঘাত ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। নিজের রাজনৈতিক জীবনের প্রতিকূল সময়ের কথা উল্লেখ করে তিনি জানান, সাড়ে আট বছর বাড়িতে ঘুমাতে পারেননি; ঝড়-বৃষ্টির মধ্যে নৌকায় থাকতে হয়েছে এবং নানা নির্যাতন সহ্য করেছেন। তবে তিনি প্রতিহিংসার রাজনীতিতে জড়াতে চান না।
সমাবেশে সাঈদ আহমেদ আসলাম বলেন, শরীয়তপুরে কোনো ধরনের অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। গণতন্ত্র, মানুষের ভোটাধিকার এবং দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় তারা অতীতেও আন্দোলন করেছেন, ভবিষ্যতেও করবেন। কেউ দেশকে অশান্ত করার চেষ্টা করলে তারেক রহমানের অনুসারীরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি।
নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, প্রত্যেক নাগরিকের মতপ্রকাশের অধিকার এবং রাজনৈতিক দলের সংগঠন করার অধিকার রয়েছে। তবে কোনো সংগঠন আইনগতভাবে নিষিদ্ধ হলে সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ নেই। আগে আইনি প্রক্রিয়ায় সংগঠনের বৈধতা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া উচিত।

সাঈদ আহমেদ আসলাম আরও অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠনের কিছু নেতা গ্রাম-গঞ্জ, চরাঞ্চল ও বিভিন্ন বাজারে সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছেন। এতে স্থানীয় শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হচ্ছে। সাধারণ মানুষ ও তাদের স্বজনদের হয়রানি এবং মামলা-মোকদ্দমায় জড়ানোর ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেন তিনি। শরীয়তপুরের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের চেষ্টা হলে তা প্রতিহত করা হবে বলেও জানান তিনি।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দিন কালুসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








