গভীর রাত। চারদিকে নীরবতা। ঘড়ির কাঁটায় তখন রাত ৩টা। শহরের অধিকাংশ মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন। অথচ এই সময়েই হাতে ঝাড়ু ও পরিচ্ছন্নতার সরঞ্জাম নিয়ে রাস্তায় নেমে পড়েন মিনা রানী। শহরের সড়ক ও অলিগলি পরিষ্কার করতে শুরু করেন তিনি। তাঁর মতো আরও কয়েকজন পরিচ্ছন্নতাকর্মীর নিরলস শ্রমে ভোরের আলো ফোটার আগেই পরিচ্ছন্ন হয়ে ওঠে সৈয়দপুর শহর।
মিনা রানীর বয়স ৪৬ বছর। বাড়ি সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়ার সুইপার কলোনিতে। প্রায় ১৫ বছর ধরে সৈয়দপুর পৌরসভার অস্থায়ী পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করছেন তিনি। প্রতিদিন রাত ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত পোস্ট অফিস মোড় থেকে পাঁচমাথা মোড় পর্যন্ত সড়ক পরিষ্কারের দায়িত্ব পালন করেন। দীর্ঘদিনের এই রাতজাগা শ্রমই এখন তাঁর জীবনের অবিচ্ছেদ্য অংশ।
তবে মিনা রানীর জীবন শুধু শ্রমের গল্প নয়, এর সঙ্গে জড়িয়ে আছে একাকিত্ব ও সংগ্রামের বাস্তবতাও। স্বামী ভরত ও তিন সন্তান থাকেন অন্য শহরে। প্রায় ১৫ বছর ধরে নতুন বাবুপাড়ার কলোনিতে একাই বসবাস করছেন তিনি। পৌরসভার পরিচ্ছন্নতার কাজ থেকে পাওয়া সামান্য পারিশ্রমিকেই চলে তাঁর সংসার।
দীর্ঘদিনের পরিশ্রমে ক্লান্তি এলেও শহর পরিচ্ছন্ন রাখার আগ্রহ হারাননি মিনা। তিনি বলেন, 'একা থাকি, কোনোমতে চলে যায়। তারপরও কাজ করি, যাতে শহরটা পরিষ্কার থাকে। শহরের মানুষ যেন ভালো বলতে পারে।' কাজের পারিশ্রমিক কিছুটা বাড়ানোর প্রত্যাশা থাকলেও নিজের শ্রমে শহরবাসী সকালে পরিচ্ছন্ন পরিবেশ পান, এতেই মানসিক তৃপ্তি খুঁজে পান তিনি।
মিনা রানীর মতো গোলাহাটের রুবেল (৩৮), মুন্সিপাড়ার দীপক (৪০)সহ প্রায় ২২ জন অস্থায়ী পরিচ্ছন্নতাকর্মী প্রতিদিন ফজরের আগেই শহর পরিষ্কারের কাজে নামেন। তাঁদের কাজ শেষ হওয়ার পরই শুরু হয় শহরের দিনের ব্যস্ততা। সকালে ঘর থেকে বেরিয়ে পরিচ্ছন্ন সড়ক দেখেন নগরবাসী। কিন্তু সেই পরিচ্ছন্নতার পেছনে থাকা মানুষগুলোর শ্রম ও ত্যাগ অনেকের কাছেই অজানা।
সৈয়দপুর পৌরসভা সূত্রে জানা গেছে, শহরের মূল এলাকার সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানগুলো ভোর হওয়ার আগেই পরিষ্কার করতে অস্থায়ী ভিত্তিতে ২২ জন কর্মী নিয়োজিত রয়েছেন। কাজের পরিমাণ ও ধরন অনুযায়ী তাঁদের মজুরি দেওয়া হয়। প্রতিদিন দুই থেকে তিন ঘণ্টা কাজের বিপরীতে মাসে সাড়ে চার হাজার থেকে সাড়ে আট হাজার টাকা পর্যন্ত পান তাঁরা।
পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকির দায়িত্বে রয়েছেন কনজারভেন্সি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকসেদ আলী। তিনি বলেন, 'শহর পরিষ্কার রাখা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের কর্মীরা নিজেদের ঘুম ও বিশ্রাম বিসর্জন দিয়ে ফজরের আগেই পরিচ্ছন্নতার কাজ করেন। তাঁদের শ্রমের যথাযথ মূল্যায়নের চেষ্টা করি। কাজের ধরন অনুযায়ী আশপাশের অন্যান্য পৌরসভার তুলনায় আমরা তাঁদের বেশি পারিশ্রমিক দিই।'
তিনি আরও বলেন, দিনে দুবার পরিচ্ছন্নতার কাজ করা হয়। তবে কিছু অসচেতন ব্যবসায়ী নির্ধারিত স্থানে ময়লা না ফেলে সড়কের ওপর ফেলে রাখেন। এতে পরিচ্ছন্নতাকর্মীদের পরিশ্রম ব্যাহত হওয়ার পাশাপাশি পথচারীদের চলাচলেও ভোগান্তি তৈরি হয়।
স্থানীয় ব্যবসায়ী সেলিম বলেন, 'শহর পরিষ্কার রাখার দায়িত্ব শুধু পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের নয়, আমাদেরও রয়েছে। তাঁরা রাতভর পরিশ্রম করে ভোরে শহর পরিষ্কার করেন। অথচ সকালে কিছু ব্যবসায়ী দোকানের ময়লা সড়কে ফেলে রাখেন, যা অত্যন্ত দুঃখজনক।'
শহরের পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা ও অস্থায়ী পরিচ্ছন্নতাকর্মীদের সুযোগ-সুবিধা প্রসঙ্গে পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, 'মিনা, রুবেল, দীপকদের মতো পরিচ্ছন্নতাকর্মীরা প্রতিদিন ভোরে উঠে শহর পরিষ্কারের কাজ করেন। তাঁদের শ্রমের যথাযথ মূল্যায়ন এবং কাজের পরিবেশ উন্নয়নে পৌরসভা সব সময় আন্তরিক।'
তিনি আরও বলেন, পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে পরিচ্ছন্নতাকর্মীদের পাশাপাশি নগরবাসীকেও দায়িত্বশীল হতে হবে। বিশেষ করে বাজারের ব্যবসায়ীরা নির্ধারিত স্থানে বর্জ্য ফেললে এবং সাধারণ মানুষ যত্রতত্র ময়লা ফেলা থেকে বিরত থাকলে পরিচ্ছন্নতা কার্যক্রম আরও সহজ হবে।
প্রতিদিন শহর পরিচ্ছন্ন রাখার কাজে নিয়োজিত এসব মানুষ প্রচারের আলোয় আসেন না। তাঁদের নামও অনেকের জানা নেই। অথচ তাঁদের শ্রমেই প্রতিদিন সকালে পরিচ্ছন্ন হয়ে ওঠে সৈয়দপুর শহর। তাই পরিচ্ছন্নতাকর্মীদের শ্রমের যথাযথ মর্যাদা দেওয়া, তাঁদের সঙ্গে মানবিক আচরণ করা এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করা নগরবাসীর দায়িত্ব।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








